ভারতে মুক্তি পাবে না ফওয়াদ- মাহিরার পাকিস্তানি সিরিজ, কিন্তু কেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম
ফওয়াদ খান ও মাহিরা খান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফওয়াদ খান ও মাহিরা খান অভিনীত নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ ভারতে এক ক্রমবর্ধমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাকিস্তানি কনটেন্টের বিরুদ্ধে সরকারের আগের নির্দেশিকার কথা মনে করিয়ে দেওয়া এবং ভারতীয় চলচ্চিত্র সংগঠনগুলোর কঠোর পদক্ষেপের হুমকির মুখে এই বিবাদ এখন কেবল শিল্পাঙ্গনের প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নেই।
ইন্ডিয়া টুডে একান্ত সূত্রে জানতে পেরেছে যে, নেটফ্লিক্স ভারতে সিরিজটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, ভারতীয় গ্রাহকদের জন্য এই সিরিজটি উন্মুক্ত করা হবে না এবং প্ল্যাটফর্মটির আসন্ন তালিকায়ও এটি আর প্রদর্শন করা হচ্ছে না। নেটফ্লিক্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে এবং ২০২৫ সালের সরকারি নির্দেশিকার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের একাধিক প্ল্যাটফর্মে এখনো কিছু পাকিস্তানি কনটেন্ট পাওয়া গেলেও, দেশের বৃহত্তর ভূ-রাজনৈতিক অবস্থানের কথা বিবেচনা করেই নেটফ্লিক্স এই পদক্ষেপ নিয়েছে।
গত ২৪ নভেম্বর সিরিজটির ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়। ভারতে এর সম্ভাব্য মুক্তি নিয়ে আপত্তি তোলে দেশটির চলচ্চিত্র সংগঠনগুলো। সিরিজটির স্ট্রিমিং বন্ধে হস্তক্ষেপ চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ।
তাদের এই বিরোধিতার মূল ভিত্তি হলো ২০২৫ সালের ৮ মে জারি করা সরকারি নির্দেশিকা। পেহেলগাম সন্ত্রাসী হামলা এবং পরবর্তীতে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ওই নির্দেশিকা জারি করা হয়েছিল। সে সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতে পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা এবং ডিজিটাল মাধ্যমগুলোকে পাকিস্তানি ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্ট ও অন্যান্য স্ট্রিমিং কনটেন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখন নেটফ্লিক্সকে তাদের সেই অবস্থানের কথা পুনরায় জানিয়ে দিয়েছে এবং নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি স্ট্রিমিং জায়ান্টটিকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে, ২০২৫ সালের জুনে তারা সরকারকে জানিয়েছিল যে ভারতীয় গ্রাহকদের জন্য কোনো পাকিস্তানি চলচ্চিত্র বা সিরিজ উন্মুক্ত করা হচ্ছে না।
এদিকে নেটফ্লিক্সের বিরুদ্ধে বিরোধিতা আরও তীব্র আকার ধারণ করেছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ হুমকি দিয়েছে যে, নেটফ্লিক্স যদি ভারতে সিরিজটি মুক্তির পথে এগোয়, তবে আগামী ৫ ডিসেম্বর থেকে ভারতজুড়ে নেটফ্লিক্সের সব ধরনের প্রোডাকশন থেকে তাদের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হবে। চলচ্চিত্র ও টেলিভিশন কর্মীদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি বিদ্যমান সরকারি নির্দেশিকা কঠোরভাবে পালনের বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যদিকে, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সিরিজটিতে পাকিস্তানি অভিনেতাদের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছে। ভারত ও দেশটির সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ওই অভিনেতাদের অতীতের কথিত মন্তব্যের জের ধরেই তারা এই আপত্তি জানায়।
কী নিয়ে এই ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’?
পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের বেস্ট সেলিং উর্দু উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ নেটফ্লিক্সের প্রথম মৌলিক (অরিজিনাল) পাকিস্তানি সিরিজ। মোমিনা দুরাইদের পরিচালনা ও প্রযোজনায় নির্মিত এই রোমান্টিক ড্রামায় তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। সিরিজটির তারকাবহুল অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন ফওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, আহাদ রাজা মীর, সানাম সাঈদ, ইকরা আজিজ এবং হামজা আলী আব্বাসি। আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী সিরিজটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

