কেমন আছেন অভিনেতা আবদুল বারিক মুকুল
Advertisement
বিনোদন প্রতিবেদন
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘ফিরিয়ে দাও অরণ্য', ‘কোন কাননের ফুল', ‘ছোট ছোট দীর্ঘশ্বাস’নাটকের কথা নিশ্চয়ই দর্শকের মনে আছে। এসব নাটকে অভিনয় করে আশির দশকের শেষপ্রান্তে আলোচনায় এসেছিলেন আবদুল বারিক মুকুল। সেই মুকুল এখন কেমন আছেন, কী করছেন। এ নিয়ে অনেকেরই রয়েছে আগ্রহ।
মুকুলের জন্ম মানিকগঞ্জের সিঙ্গাইর থানার রাজেন্দ্রপুর গ্রামে। সেই গ্রামেই তার একটি শুটিং হাউস আছে, সবাই যাকে মুকুলের বাড়ি নামেই চেনে। রাজধানীর হাটখোলাতে তার বাসা। অভিনয়ে এখন খুব বেশি নিয়মিত নন। তাই নিজের বাড়িতেই তার সময় কাটে।
ব্যক্তি জীবনে খুব সাদাসিধে, নীরব একজন মানুষ তিনি। কোনো কিছুর প্রতি নিজে থেকে আগ্রহ দেখান না। তবে তার প্রতি কারো কোনধরনের আগ্রহ জন্মালে তাতে তার ভীষণ ভালোলাগা জন্ম নেয়। মুকুল জানান, হাটখোলাতে মুনিয়া ভিডিও নামে তার একটি ভিডিওর দোকান ছিল। তার পাশেই থাকতেন বিটিভির প্রযোজক খ ম হারুন।
তিনি একদিন তার দোকানে একটি চিঠি রেখে যান, তারসঙ্গে দেখা করার জন্য। খ ম হারুনের সঙ্গে দেখা করার পরই তিনি ১৯৮৯ সালে আবদুল বারিক মুকুল প্রথম নাটকে অভিনয় করেন। নাম ‘ফিরিয়ে দাও অরণ্য’।
এ নাটকেই অভিষেক হয়েছিল তৌকীর আহমেদের। তাদের সঙ্গে ছিলেন মুনিরা ইউসুফ মেমী। এরপর থেকে আজ অবধি মুকুল তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন। কোনো থিয়েটার দলের সঙ্গে না যুক্ত থাকলেও মুকুল প্রযোজনা কেন্দ্রিক ওয়ার্কশপের আওতাধীন খ ম হারুনের নির্দেশনায় ‘শেষ নবাব'সহ আরও একটি নাটকে অভিনয় করেছেন।
কিছুদিন আগেই প্রয়াত হওয়া নাট্যকার, পরিচালক, অভিনেতা কায়েস চৌধুরীর নির্দেশনায় ‘মেহেরজান’ নাটকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তারিক মুহাম্মদ হাসানের পরিচালিনায় একটি নাটকে অভিনয় করেন। এখন পর্যন্ত কোনো সিনেমায় অভিনয় করেননি মুকুল।
অভিনয় জীবনের প্রাপ্তি এবং সিনেমায় অভিনয় না করা প্রসঙ্গে মুকুল বলেন, এখনকার যে সমাজ ব্যবস্থা, তার সঙ্গে আমি অনেকটাই বেমানান। আমি খুব কম নাটকে অভিনয় করি। যে কারণে নাটকে অভিনয়ের সংখ্যাও আমার কম। হাটখোলাতে বাসায়, বাসার আশপাশেই আমার সময় কাটে। আমার জীবনে আমি একা। দর্শকের ভালোবাসা অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি। সিনেমাতে অভিনয়ের আগ্রহ কখনই হয়নি।
