সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
Advertisement
শাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম
ইনসেটে দিপাঞ্জন ঘোষ প্রিয়ম।
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার ব্রিটেনিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত দিপাঞ্জন ঘোষ প্রিয়ম (২১) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা। তবে তার পরিবার ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠী ফায়াজ নবী জানান, সাঁতার কাটতে নেমে প্রিয়ম দু-একবার ৯ ফুট গভীর পানিতে যায়, আবার ফিরেও আসে। যখন সাঁতারে ব্যস্ত ছিলাম, তখন সে কখন আবারও ৯ ফুট গভীর পানিতে চলে যায়, তা আমরা কেউই খেয়াল করিনি। হঠাৎ ৫টা ৪৫ মিনিটের দিকে তাকে গভীর পানি থেকে তোলেন সুইমিংপুলের স্টাফরা। তৎক্ষণাৎ তার শরীরে ঝাঁকুনি দেওয়া হয়। ওই সময় সে বমি করে এবং নিশ্বাস নিচ্ছিল। হাসপাতালে নিয়ে আসার পর আইসিইউতে তার ইসিজি করা হয় এবং সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রিটেনিয়া সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু বলেন, আমাদের নিয়ম অনুযায়ী সাঁতার না জানলে ৬ ফুটের বেশি গভীর পানিতে নামতে নিষেধ করা হয়। কিন্তু তিনি ৯ ফুট গভীর এলাকায় চলে গিয়েছিলেন।
এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা এ ঘটনায় অত্যন্ত মর্মাহত। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিলেটের বিমানবন্দর থানার পরিদর্শক আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সুইমিংপুলে সাঁতার কাটতে যান। পরবর্তীতে ডুবন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

