১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে যাওয়ার দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষসহ ১৪ শিক্ষক এবং ৬-৭ কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন। রোববার রাত ৯টা পর্যন্ত তাদের অবরোধ অব্যাহত ছিল।
কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত হয়ে শাবিপ্রবির অধীনে যাওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তড়িৎ ও ইলেকট্রনিক, পুরকৌশল এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল—এই তিনটি বিভাগে প্রায় ১ হাজার শিক্ষার্থী রয়েছেন।
শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকার কারণে তাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মান ও স্বকীয়তা ক্ষুণ্ন হচ্ছে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত পরীক্ষা, ল্যাব ও ক্লাসসহ সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পুরো ক্যাম্পাস শাটডাউন থাকবে বলেও জানান তারা।
এদিকে আন্দোলন চলাকালে রোববার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামানকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে বদলি করা হয়। একই আদেশে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগী অধ্যাপক মো. সাহিদ ইকবালকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আন্দোলনরত চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানান, তারা এই বদলির আদেশ প্রত্যাখ্যান করেছেন। মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত বদলিকৃত অধ্যক্ষকে কলেজ থেকে বের হতে দেওয়া হবে না এবং নতুন অধ্যক্ষকেও ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলে জানান তিনি।
