বড়ভাইয়ের ঘুসিতে ছোটভাইয়ের মৃত্যুর অভিযোগ, পুলিশ বলছে ভিন্নকথা
Advertisement
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জায়গাজমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড়ভাইয়ের ঘুসিতে ছোটভাই আবু তাহের মিয়া (৬১) অসুস্থ হয়ে মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা উল্লেখ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনায় নিহতের বড় ছেলে ফারুক কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আকছিনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মিয়া ওই এলাকার মৃত রোসমত আলী ও মৃত চানমুন নেছার ছেলে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে বড়ভাই বজলু মিয়ার সঙ্গে ছোটভাই আবু তাহের মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বজলু মিয়া তার ছোটভাই আবু তাহেরকে ঘুসি মারেন। এতে আবু তাহের মাথা ঘুরে মাটিতে পড়ে যান। পরে তিনি বমি করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বলেন, ঘুসি দেওয়ার কথা ঘটনাস্থলে শুনেছি। লাশ থানায় নিয়ে এসেছি। বিষয়টি নিয়ে কাজ করছি। তবে মেডিকেল রিপোর্টে হার্ট অ্যাটাকের কথা বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আবু তাহের মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এবং তার সঙ্গে ঘুসির ঘটনার কোনো সম্পর্ক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
