আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্তর লাশ উত্তোলনের নির্দেশ
Advertisement
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান
|
ফলো করুন |
|
|---|---|
আলোচিত ‘বালুখেকো’ হিসেবে পরিচিত চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই বাবা-ছেলের লাশ দাফন করা হয়েছিল। দীর্ঘ দিন ময়নাতদন্তের জন্য তাদের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ এলো।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ। তিনি বলেন, ‘চাঁদপুর জেলা প্রশাসকের কাছে কবর থেকে তাদের দুজনের লাশ উত্তোলনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। অনুমতি পেলে লাশ উত্তোলন করা হবে। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি।’
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিজ এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেলিম খান ও তার ছেলে চলচ্চিত্র অভিনেতা শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনরোষের মুখে পড়েন। সেখান থেকে বের হয়ে আসতে পারলেও পরে বাগড়াবাজার এলাকায় তারা আবারও জনতার মুখোমুখি হন। সেখানে গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন।
পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। ওই সময় দেশের উত্তাল পরিস্থিতির কারণে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল বলে জানা যায়।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়ার’ সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে জানা যায়।
আদালতের নির্দেশের পর এখন সেলিম খান ও তার ছেলে শান্ত খানের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর কারণ ও সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবে এ ময়নাতদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
