চট্টগ্রামে আদালতের নথি চুরি
ঢাকা থেকে গ্রেফতার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম আদালত থেকে নথি চুরির ঘটনায় রাশেদুল হাসান নাঈম নামে এক প্রতারককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ডেমরা থানাধীন মাতুয়াইল বাদশাহ মিয়া রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালতে সোপর্দ করে পুলিশ। আসামি নথি চুরির ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
রাশেদুল পটুয়াখালী জেলার বাউফল থানার নুরাইনপুর এলাকার মো. আবু জাফরের ছেলে।
আদালত সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর ৪র্থ যুগ্ম মহানগর দায়রা আদালতে গিয়ে হাইকোর্টের স্টাফ পরিচয় দিয়ে একটি মামলার তথ্য জানতে চান রাশেদুল। সংশ্লিষ্ট আদালতের একজন কর্মকর্তা সরল বিশ্বাসে তাকে মামলার নথিটি দেখান। পরে আদালতের ওই কর্মকর্তা ওয়াশরুমে গেলে কৌশলে মামলার নথিটি নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় ৪র্থ যুগ্ম মহানগর দায়রা আদালতের বেঞ্চ সহকারী মোরশেদ রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্তে আসামির অবস্থান শনাক্তের পর তাকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির জানান, আদালতের নথি চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
