৪ ফুট ১০ ইঞ্চির নারী দমকলকর্মী করলেন রেকর্ড
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফ্লোরিডার সেন্ট পিট বিচ ফায়ার ডিপার্টমেন্টের দমকলকর্মী অটাম কেলসোকে বিশ্বের সবচেয়ে খর্বকায় নারী দমকলকর্মী হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস। তার উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, অর্থাৎ ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার। দমকলকর্মী হিসেবে পাঁচ বছর কাজ করার পর গত ১৮ জানুয়ারি তিনি এই স্বীকৃতি পান।
কেলসোর এই রেকর্ডের বিষয়টি শুরু হয়েছিল সহকর্মীদের মধ্যে নিছক কৌতুক হিসেবে। এক সহকর্মী গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য খুঁজে দেখেন এবং জানতে পারেন, কেলসো এই রেকর্ডের জন্য যোগ্য হতে পারেন। পরে আনুষ্ঠানিকভাবে তার উচ্চতা মাপা হয়। এভাবেই সহকর্মীদের মজার আলোচনা শেষ পর্যন্ত বিশ্ব রেকর্ডে রূপ নেয়।
২০-এর দশকে কেলসো করপোরেট চাকরি করতেন। তবে ডেস্কে বসে কাজ করার বিষয়টি তার ভালো লাগত না। পরে দমকলকর্মী হিসেবে কাজ করা কয়েকজন বন্ধু তাকে এই পেশায় আসতে উৎসাহিত করেন।
কেলসোর কাছে দমকলকর্মীর কাজের সবচেয়ে ভালো দিক হলো, কঠিন পরিস্থিতিতে মানুষকে সহায়তা করা এবং নিজের সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করা। তবে পেশাটি মোটেও সহজ নয়। জরুরি পরিস্থিতিতে কাজ করা, প্রচণ্ড চাপ সামলানো, দীর্ঘ সময় অন-কল থাকা এবং কঠিন শারীরিক পরিশ্রম—সবই এই কাজের অংশ।
তবে নিজের উচ্চতাকে কখনো বাধা হিসেবে দেখেননি কেলসো। বরং কিছু ক্ষেত্রে তার খাটো গড়ন সুবিধা এনে দিয়েছে। সরু জায়গায় সহজে চলাফেরা করতে পারায় সহকর্মীরা মজা করে তাকে ‘স্পাইডার মাঙ্কি’ বলে ডাকেন। এমনকি যেসব জানালা বা অ্যাটিকের জায়গা খুব সংকীর্ণ, সেখানে লম্বা দমকলকর্মীদের প্রবেশে সমস্যা হলে কেলসোকেই পাঠানো হয়।
তিন বছর আগে এমনই একটি অভিযানে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। প্রতিবেশীদের কাছ থেকে খবর আসে, একটি জ্বলন্ত ট্রেলারের ভেতর একজন নারী আটকা পড়েছেন। কেলসো ও তার এক সহকর্মী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ট্রেলারের মেঝে ভেঙে দুজনই নিচে পড়ে যান। তখন কেলসোকে ‘মেডে’ সংকেত দিতে হয়।
এরপর দমকলের অন্য সদস্যরা জরুরি পরিস্থিতির নির্ধারিত প্রোটোকল অনুসরণ করে আগুনের মধ্য দিয়ে এগিয়ে যান এবং সবাইকে নিরাপদে উদ্ধার করেন। ঘটনায় কেউ আহত হননি। কেলসো ওই অভিজ্ঞতাকে ভয়ংকর ও অত্যন্ত তীব্র বলে বর্ণনা করেছেন। তবে তার মতে, দলের সদস্যরা সঠিক নিয়ম মেনে কাজ করায় শেষ পর্যন্ত সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন।
কাজের সময় কেলসোর উচ্চতা নিয়ে সহকর্মীরা মজা করলেও তার প্রতি তাদের সম্মান রয়েছে। কেলসো বলেন, তার শারীরিক গঠন তার নিজের নিয়ন্ত্রণে নয়। তিনি জানান, তার খাটো উচ্চতার পেছনে কোনো চিকিৎসাগত বা জেনেটিক কারণ নেই; স্বাভাবিকভাবেই তিনি ছোট গড়নের মানুষ হিসেবে জন্মেছেন।
সূত্র: সামা টিভি
