ব্যালন ডি’অর পাওয়ার সম্ভাবনা নিয়ে যা বললেন কেইন
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের বক্তব্যের পর এবার নিজের সম্ভাবনা সম্পর্কে কথা বলেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। রয়টার্স-এর বরাতে জানা গেছে, শুক্রবার স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-কে দেওয়া সাক্ষাৎকারে গত মৌসুমের পারফরম্যান্স নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
নিজের পারফরম্যান্স নিয়ে বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না জানিয়ে কেইন বলেন, ‘নিজের সম্পর্কে বেশি কথা বলা আমার কখনোই পছন্দ নয়। তবে এটুকুই বলব, ব্যক্তিগত ও দলীয় দুই দিক থেকেই গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে।’
ক্যারিয়ারের সেরা মৌসুম কোনটি—এমন প্রশ্নের জবাবেও কোনো দ্বিধা করেননি কেইন। তিনি বলেন, ‘বিনা দ্বিধায় বলা যায়, এটিই ছিল আমার ক্যারিয়ারের সেরা মৌসুম।’
গত মৌসুমে ৭৩ গোল করার সুবাদে স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অরের আলোচনায় উঠে এসেছে কেইনের নাম। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর আর কোনো ইংলিশ ফুটবলার এই পুরস্কার জিততে পারেননি। এবার কেইনের সঙ্গে আলোচনায় রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালও।
তবে দুর্দান্ত ব্যক্তিগত পরিসংখ্যান থাকলেও ব্যালন ডি’অর জয়ের বিষয়টি নিজের নিয়ন্ত্রণে নেই বলেই মনে করছেন কেইন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গোল সংখ্যা নিয়ে আমি সত্যিই দারুণ গর্বিত... তবে ব্যালন ডি’অর পাওয়ার বিষয়টি তো আর আমার হাতে নেই। এটি পুরোটাই নির্ভর করছে ভোটারদের ওপর। আমার কাছে গত মৌসুম এখন অতীত।’
কেইনের মতে, আগের মৌসুমের সাফল্য নিয়ে পড়ে না থেকে এখন নতুন লক্ষ্যেই মনোযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমি এখন নতুন মৌসুম নিয়ে ভাবছি এবং সামনে আর কী কী অর্জন করা যায়, সেদিকেই নজর দিচ্ছি।’
আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ব্যালন ডি’অরজয়ীর নাম ঘোষণা করা হবে। তার আগে কেইনকে নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত পুরস্কারটি কার হাতে উঠবে, সেই সিদ্ধান্ত নেবেন ভোটাররাই। এমবাপ্পে ও ইয়ামালও এরই মধ্যে পুরস্কার জয়ের বিষয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন।


