Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

র‌্যাব থেকে এসআরবি

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

Advertisement

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

র‌্যাব থেকে এসআরবি

সংগৃহীত ছবি

Advertisement

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের মধ্য দিয়ে পুলিশের বিশেষায়িত ইউনিটের কাঠামোগত রূপান্তর ঘটলেও এ পরিবর্তনে সাধারণ মানুষের সংশয় দূর হয়নি। সরকার একে ইতিবাচক পরিবর্তন হিসাবে দাবি করলেও বিরোধী দল ও বিভিন্ন মহলের সমালোচনা প্রমাণ করে, কেবল নাম পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিনের জমে থাকা আস্থার সংকট দূর করা সম্ভব নয়। অতীতে র‌্যাবের ভূমিকা নিয়ে বহু গুরুতর অভিযোগ উঠেছে। বিরোধী দলকে দমন, গুম, বিচারবহির্ভূত হত্যাসহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এ বাহিনীর বিরুদ্ধে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংস্থা সোচ্চার ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাব ও এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করেছিল। ফলে র‌্যাবের বিলুপ্তি সময়ের দাবি হয়ে উঠেছিল।

নতুন আইনে পুরোনো র‌্যাবের জনবল, সম্পদ, অস্ত্রশস্ত্র, লজিস্টিকস ও অবকাঠামো এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। সমালোচকদের ভাষায়-এটি ‘নতুন বোতলে পুরোনো পানীয়’ ছাড়া আর কিছু নয়। কারণ, একই জনবল ও কাঠামো বহাল রেখে কেবল নাম পরিবর্তন করলে বাহিনীর কর্মকাণ্ড ও আচরণে ইতিবাচক পরিবর্তন আশা করা যায় না। রাষ্ট্রীয় সম্পদ ও লজিস্টিকসের সুরক্ষা বা সংরক্ষণের প্রয়োজনে সেগুলো হস্তান্তরের যুক্তিসংগত কারণ থাকতে পারে, তবে অতীতের বিতর্কিত কার্যপদ্ধতি ও মানসিকতা থেকে মুক্ত হওয়াটাই আসল চ্যালেঞ্জ। নতুন ইউনিটের সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করা হলে সাধারণ মানুষের মনে এ বাহিনী নিয়ে আতঙ্ক ও সংশয় কাটবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই জনগণের বন্ধু হতে হবে, বিরোধী দল ও মত দমনের হাতিয়ার নয়। তাই নতুন বাহিনী যাতে ক্ষমতার অপব্যবহার করতে না পারে, সেজন্য কঠোর আইনি বিধান এবং প্রশাসনিক নজরদারি প্রয়োজন। শুধু কাগজে-কলমে অভিযোগ প্রতিকার কমিটি গঠন করলেই ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন না; এর জন্য প্রয়োজন স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে এসআরবিকে এমন একটি বাহিনী হিসাবে গড়ে তুলতে হবে, যা শুধু অপরাধ দমনেই নিরপেক্ষ ভূমিকা রাখবে না, আইনের শাসন ও মানবাধিকারের প্রতিও শ্রদ্ধাশীল থাকবে। পুলিশের নতুন এই বিশেষায়িত ইউনিট যেন জননিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে র‌্যাবের মতো ভাবমূর্তি সংকটে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলের সর্বোচ্চ সতর্কতা কাম্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

র‌্যাব থেকে নতুন নামে বাহিনী, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কি?

র‌্যাব থেকে নতুন নামে বাহিনী, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কি?

র‍্যাব থেকে এসআরবি: পরিবর্তন আসছে যেসব জায়গায়

র‍্যাব থেকে এসআরবি: পরিবর্তন আসছে যেসব জায়গায়

নতুন নামে যাত্রা শুরু করল র‌্যাব

নতুন নামে যাত্রা শুরু করল র‌্যাব

হলো এসআরবি, থাকল র‌্যাবের প্রায় সবই

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে বিল পাশ হলো এসআরবি, থাকল র‌্যাবের প্রায় সবই

র‌্যাব নাম বিলুপ্ত করে আসছে এসআরবি

সংসদে বিল উত্থাপন র‌্যাব নাম বিলুপ্ত করে আসছে এসআরবি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

আরও পড়ুন

ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রাজধানীর নদী-খাল রক্ষা

রাজধানীর নদী-খাল রক্ষা

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

সারের ডিলার নিয়োগে অনিয়ম

সারের ডিলার নিয়োগে অনিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম