ভারতে বিধ্বস্ত হেলিকপ্টারের সবাই মারা গেছেন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম
উত্তরাখণ্ডের জোশিমঠ এলাকা। ছবি: এএফপি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ তীর্থযাত্রী ও এক পাইলট নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।
কর্মকর্তারা জানান, শুক্রবার বিকেলে হিন্দুদের তীর্থস্থান বদরিনাথ থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ওই এলাকায় ভারি বৃষ্টিপাত ও কম দৃশ্যমানতার খবর পাওয়া গেছে।
চীন ও নেপাল সীমান্তবর্তী হিমালয় অঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডে হিন্দুধর্মের বেশ কয়েকটি পবিত্র তীর্থস্থান রয়েছে। প্রতিবছর লাখ লাখ তীর্থযাত্রী এসব স্থানে ভিড় করেন।
বদরিনাথ হিন্দুদের চারধাম তীর্থযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এই যাত্রাপথের অন্য তিনটি তীর্থস্থান হলো কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। দুর্গম পাহাড়ি উপত্যকা পেরিয়ে এসব মন্দিরে যেতে হয়। শীতকালে কঠোর আবহাওয়ার কারণে বছরের নির্দিষ্ট একটি সময়েই মন্দিরগুলো খোলা থাকে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, চামোলি জেলার জোশিমঠের কাছের একটি গ্রামের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
হেলিকপ্টার দুর্ঘটনার পর স্থানীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভারতীয় গণমাধ্যমকে ছয়জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
দুর্গম পাহাড়ি পথ এড়াতে তীর্থযাত্রীদের মধ্যে হেলিকপ্টার পরিষেবার জনপ্রিয়তা বাড়ছে। তবে একের পর এক দুর্ঘটনার কারণে এসব পরিষেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুক্রবারের দুর্ঘটনার আগে ভারতের আবহাওয়া বিভাগ ওই এলাকায় কমলা সতর্কতা জারি করেছিল। এতে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কার কথা জানানো হয়।
এর আগে ২০২৫ সালের জুনে কেদারনাথের কাছে তীর্থযাত্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন। একই তীর্থযাত্রার পথে ২০২২ সালের অক্টোবরে আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সাতজন।
২০২৫ সালের তীর্থযাত্রার মৌসুমে আরও কয়েকটি হেলিকপ্টার দুর্ঘটনার খবর পাওয়া যায়। এসব ঘটনার পর বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা যাচাই জোরদার করে এবং কয়েকটি হেলিকপ্টার চলাচলে বিধিনিষেধ আরোপ করে।

