Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবায় কেন বিপর্যয়?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবায় কেন বিপর্যয়?

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বড় ধরনের সেবা বিপর্যয়ে ই-মেইলসহ বিভিন্ন প্রযুক্তিসেবা অচল হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠানটির মাইক্রোসফট ৩৬৫, টিমস, আউটলুক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলট ব্যবহারে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। কিছু ক্ষেত্রে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এসব সেবা।

মাইক্রোসফট জানিয়েছে, সাইবার হামলার কারণে এ সমস্যা তৈরি হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিষ্ঠানটির নেওয়া পদক্ষেপগুলো এখনো প্রত্যাশিত ফল দেয়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ বিপর্যয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি ও সাধারণ ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

যেভাবে ঘটল বিপর্যয়

মাইক্রোসফটের মাইক্রোসফট ৩৬৫ সেবার আওতায় থাকা টিমস, আউটলুক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটে সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে। এর ফলে অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠানো ও গ্রহণ করতে পারছেন না। কেউ কেউ ফাইল দেখতে এবং ক্যালেন্ডার অ্যাপের বিভিন্ন তথ্য ব্যবহার করতেও সমস্যায় পড়েছেন।

তবে কিছু ব্যবহারকারী টিমসের মেসেজ আদান-প্রদান ও অনলাইন মিটিংয়ের সুবিধা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন।


ক্ষতিগ্রস্ত কোটি কোটি ব্যবহারকারী

মাইক্রোসফটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন ৪৩ কোটির বেশি মানুষ। তবে সেবা বিপর্যয়ে প্রকৃতপক্ষে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন অনলাইন সেবার সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭৪টি দেশের ১ লাখ ৪০ হাজার মানুষ আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। তবে প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, ডাউনডিটেক্টর মূলত ব্যবহারকারীদের নিজেদের সমস্যার কথা জানানোর ওপর নির্ভর করে।

বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানও মাইক্রোসফট ৩৬৫ ব্যবহার করে। ফলে এ বিপর্যয়ের প্রভাব অন্যান্য সেবার ওপরও পড়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রোপিকও এ সমস্যার কারণে সেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছে।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে তাদের কিছু টুল প্রত্যাশিতভাবে কাজ করছে না। বিষয়টি তদন্ত করছে প্রতিষ্ঠানটি।

সিঙ্গাপুর সরকার ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও সেবাও এ বিপর্যয়ে আক্রান্ত হয়েছে। যুক্তরাজ্যে চিকিৎসকের চেম্বার, ফার্মেসি, পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও সমস্যায় পড়েছে।

কয়েকটি চিকিৎসাকেন্দ্র পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে রোগীদের বার্তা না পাঠানোর অনুরোধ জানিয়েছে। অন্যদিকে, দেশটির কয়েকটি বড় পুলিশ বাহিনী সাধারণ মানুষকে কোনো অভিযোগ জানাতে চাইলে ফোন করার পরামর্শ দিয়েছে।


যা বলছে মাইক্রোসফট

মাইক্রোসফট জানিয়েছে, সাইবার হামলার কারণে এ বিপর্যয় ঘটেনি। তাদের অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, বিপুলসংখ্যক সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়ায় সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে সেগুলোর কার্যক্ষমতাও ব্যাহত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মাইক্রোসফট জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হওয়ার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। তবে সেবার সক্ষমতা এখনো স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।

এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, সমস্যা সমাধানে নেওয়া পদক্ষেপগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।

বিশেষজ্ঞদের উদ্বেগ

অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বিবিসিকে বলেন, এ বিপর্যয়ের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। ইন্টারনেট অবকাঠামোর বড় একটি অংশ মাইক্রোসফটের ওপর নির্ভরশীল। এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, যোগাযোগের ক্ষেত্রে ই-মেইল এখনো কতটা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এ বিপর্যয়ের কারণে শুধু মানুষের কাজের সক্ষমতাই ব্যাহত হচ্ছে না, চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ, পণ্য কেনা, পরিচয় যাচাই করে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা কিংবা সেবা ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে।

নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান গরিলা টেকনোলজির পল স্পেন বলেন, ই-মেইল ও বিভিন্ন সেবা বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠান কার্যত একটি কর্মদিবস হারিয়েছে। এতে ব্যবহারকারীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা, বিপাকে লাখো ব্যবহারকারী

মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা, বিপাকে লাখো ব্যবহারকারী

এআই খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে মাইক্রোসফট, আয়ে নতুন রেকর্ড

এআই খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে মাইক্রোসফট, আয়ে নতুন রেকর্ড

চাকরি হারাতে যাচ্ছেন মাইক্রোসফটের ৬০ হাজার কর্মী

চাকরি হারাতে যাচ্ছেন মাইক্রোসফটের ৬০ হাজার কর্মী

এআইকে অন্ধবিশ্বাস করতে কেন সতর্ক করলেন মাইক্রোসফট সিইও?

এআইকে অন্ধবিশ্বাস করতে কেন সতর্ক করলেন মাইক্রোসফট সিইও?

বৃদ্ধ মা-বাবাকে সময় দিতে চাকরি ছাড়লেন মাইক্রোসফট কর্মকর্তা

বৃদ্ধ মা-বাবাকে সময় দিতে চাকরি ছাড়লেন মাইক্রোসফট কর্মকর্তা

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

আরও পড়ুন

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবায় কেন বিপর্যয়?

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবায় কেন বিপর্যয়?

বড় পতনের পর ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বড় পতনের পর ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বৈশ্বিক উষ্ণায়নের মাঝেও কেন কিছু অঞ্চলে কমছে তাপমাত্রা?

বৈশ্বিক উষ্ণায়নের মাঝেও কেন কিছু অঞ্চলে কমছে তাপমাত্রা?

তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম