বড় পতনের পর ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
স্বর্ণের ফিউচার মূল্য ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯২২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টানা তৃতীয় দিন কমার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। কম দামে স্বর্ণ কেনার প্রবণতা বাড়ায় এ দরপতনের পর বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের আসন্ন মূল্যস্ফীতির তথ্যের দিকে। খবর রয়টার্সের
শুক্রবার (১৩ নভেম্বর) গ্রিনিচ মান সময় ৫টা ১৮ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৯১৮ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯২২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওএএনডিএর জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, বৃহস্পতিবার স্বর্ণের দামে বড় ধরনের পতনের পর বাজারে স্বল্পমেয়াদি সূচকগুলো অতিরিক্ত বিক্রির ইঙ্গিত দিয়েছিল। শুক্রবারের মূল্যবৃদ্ধি মূলত সেই পরিস্থিতি সামাল দিতে বিনিয়োগকারীদের অবস্থান পরিবর্তনের ফল।
তার মতে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার হঠাৎ কমে গেলে ডলারের ঊর্ধ্বগতি কমতে পারে। এতে স্বর্ণের দাম বাড়ার সুযোগ তৈরি হবে।
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে এবং সুদের হার দীর্ঘদিন উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়। এর প্রভাবে সেদিন স্বর্ণের দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
এদিকে, বাজারের পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে—এমন সম্ভাবনা ৮৯ শতাংশ। আর ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ধরা হচ্ছে ১১ শতাংশ।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণের মতো কোনো সুদ বা মুনাফা না দেওয়া সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীরা সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন।
নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বৃহস্পতিবার বলেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংককে আরও সুদের হার বাড়াতে হতে পারে।
অন্যদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য নতুন আবেদনকারীর সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। তবে শ্রমবাজার এখনো মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে তথ্য-উপাত্তে দেখা গেছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এখন যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্যের অপেক্ষায় রয়েছে।


