Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত

Advertisement

কুর্দিদের অধিকার নিশ্চিত করে একটি আদেশ জারি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এতে প্রথমবারের মতো কুর্দি ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সব কুর্দি সিরিয়ানকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। খবর রয়টার্সের। 

গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় ভয়াবহ সংঘর্ষের পর এই আদেশ জারি করা হয়। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ওই সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হন এবং শহরের কুর্দি-নিয়ন্ত্রিত দুটি এলাকা থেকে দেড় লাখের বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। পরে কুর্দি যোদ্ধারা সরে গেলে সংঘর্ষের অবসান ঘটে।

আলেপ্পোর এই সহিংসতা সিরিয়ার অন্যতম গভীর বিভাজনকে আরও স্পষ্ট করেছে। ১৪ বছরের যুদ্ধের পর এক নেতৃত্বের অধীনে দেশকে ঐক্যবদ্ধ করার প্রেসিডেন্ট শারার প্রতিশ্রুতি কুর্দি বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে। কুর্দি বাহিনীগুলো শারার ইসলামপন্থি নেতৃত্বাধীন সরকারের প্রতি সন্দিহান।


নতুন আদেশের মাধ্যমে প্রথমবারের মতো কুর্দি সিরিয়ানদের অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হলো। এতে কুর্দি পরিচয়কে সিরিয়ার জাতীয় পরিচয়ের অংশ হিসেবে স্বীকার করা হয়েছে। আরবির পাশাপাশি কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং স্কুলগুলোতে কুর্দি ভাষা শিক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া ১৯৬২ সালে হাসাকা প্রদেশে পরিচালিত আদমশুমারির সময় যেসব কুর্দির সিরীয় নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর ফলে আগে যারা রাষ্ট্রহীন হিসেবে নিবন্ধিত ছিলেন, তাদেরসহ সব ক্ষতিগ্রস্ত বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়া হবে।

আদেশে জাতিগত ও ভাষাগত বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্তিমূলক জাতীয় বার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে এবং জাতিগত বিদ্বেষ উসকে দেওয়ার বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম