গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গির্জায় প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান। সোমবার (২৬ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় দেরা ও সুয়েইদা প্রদেশের বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও এক নারী রয়েছেন। এ ঘটনায় জর্ডান ও সিরিয়ার মধ্যে প্রধান সীমান্ত পারাপারও বন্ধ করে দিয়েছে দামেস্ক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আলজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত শুক্রবার দেশটির কারাক প্রদেশের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় বন্দুকধারীদের হামলার জবাবে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ওই হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
জর্ডানের সামরিক বাহিনীর দাবি, সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করেই এ অভিযান চালানো হয়েছে। হামলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন এবং তাদের একাধিক যানবাহন ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে দেশটি।
তবে জর্ডানের সঙ্গে হামলার বিষয়ে কোনো সমন্বয়ের কথা অস্বীকার করেছে সিরিয়া। দেশটির সরকার জানিয়েছে, পূর্ববর্তী কোনো সমন্বয় বা অবহিতকরণ ছাড়াই এই সামরিক অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দামেস্ক।
সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দেরা ও সুয়েইদা প্রদেশের গ্রামীণ এলাকায় অন্তত চারটি স্থানে হামলা চালানো হয়। এসব হামলার পর সাতজনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
নিহতদের মধ্যে দেরা প্রদেশের আল-তাই গ্রামের একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারান। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও তিন শিশু রয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
এ ছাড়া দেরা প্রদেশের আল শাইয়া এলাকায় হামলায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। একই প্রদেশের আইন আল-বাসাল এলাকার মুজাইরিব শহরে একটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, সুয়েইদা প্রদেশের শাহবা শহরে একটি আবাসিক ভবনে চালানো হামলায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
অন্যদিকে বিমান হামলার পর জর্ডান ও সিরিয়ার মধ্যে যাত্রী ও বাণিজ্যিক পণ্য পরিবহনের প্রধান পথ নাসিব সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে সিরিয়া। এর ফলে দুই দেশের মধ্যে ওই পথে যাতায়াত ও পণ্য পরিবহন স্থগিত রয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। আলজাজিরাকে তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে এ ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে তার দেশ।

