আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
সংস্থাটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক দুই ক্ষেত্রেই যুদ্ধ অব্যাহত রয়েছে। শত্রুপক্ষ ইরানের কোনো জাহাজে হামলা চালালে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।
রোববার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেবি বলেন, ‘আমাদের ও শত্রুপক্ষের মধ্যে সামরিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই যুদ্ধ চলছে। স্বাভাবিকভাবেই, যুদ্ধে তারা আমাদের কোনো একটি জাহাজে আঘাত হানতে পারে। কিন্তু আমরা আরও কঠোরভাবে আঘাত হানব।’
ইরানের স্থলসীমান্ত দিয়ে পণ্য ও অস্ত্র সরবরাহের পথ বন্ধে যুক্তরাষ্ট্রের সদ্য ঘোষিত ‘আয়রন গেট’ কর্মসূচি নিয়েও কথা বলেন আইআরজিসির এই মুখপাত্র। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে ধরনের অর্থনৈতিক অবরোধ আরোপ করতে চায়, কোনোভাবেই তা বাস্তবায়ন করতে পারবে না।’
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের স্থলপথে সরবরাহব্যবস্থা ব্যাহত করার উপায় খুঁজতে ২০ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হবে। ওয়াশিংটনের দাবি, এসব স্থলপথ দিয়ে অস্ত্র ও অবৈধ পণ্য পরিবহন করা হয়।
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পাশাপাশি নতুন এই বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করা হচ্ছে। দুই দেশের আট মাসের যুদ্ধে এ অবরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

