Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মাদক কারবারিদের দমনে সিআইএর গুপ্তহত্যার প্রতিবেদন প্রত্যাখ্যান মেক্সিকোর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

মাদক কারবারিদের দমনে সিআইএর গুপ্তহত্যার প্রতিবেদন প্রত্যাখ্যান মেক্সিকোর

মেক্সিকোর ভেতরে মাদক কারবারি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গোপন অভিযান চালাচ্ছে সিআইএ—এমন দাবি নাকচ করেছে মেক্সিকো সরকার।

Advertisement

মেক্সিকোর ভেতরে মাদক কারবারি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গোপন ও প্রাণঘাতী অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ—মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এমন এক প্রতিবেদনের দাবি নাকচ করে দিয়েছে মেক্সিকো সরকার।

প্রতিবেদনটিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম। তিনি বলেন, এ ধরনের খবর মেক্সিকো সরকার ও জনগণের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

সিএনএন-এর অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, সিআইএ-এর একটি গোপন ইউনিট মেক্সিকোর মাটিতে মাদক কারবারি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং কিছু ক্ষেত্রে সরাসরি প্রাণঘাতী হামলায় অংশ নিচ্ছে। প্রতিবেদনে গত মার্চে সিনালোয়া কার্টেলের এক নেতাকে লক্ষ্য করে গাড়িবোমা হামলার কথাও উল্লেখ করা হয়, যাতে তিনি নিহত হন বলে দাবি করা হয়েছে।   

তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে মেক্সিকো সরকার। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি কোনো সংস্থা এককভাবে মেক্সিকোর ভূখণ্ডে প্রাণঘাতী অভিযান পরিচালনা করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা হয় কেবল প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে, যার মধ্যে থাকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সমন্বিত কার্যক্রম।

এ বিষয়ে সিআইএ-ও সিএনএন-এর প্রতিবেদনকে ‘মিথ্যা ও চাঞ্চল্যকর’ বলে অভিহিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, এমন প্রতিবেদন মাদক কারবারিদের স্বার্থ রক্ষা করছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে।

অন্যদিকে, সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর থেকে সিআইএ মেক্সিকোর মাদক সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে একাধিক গোপন অভিযানে যুক্ত রয়েছে, যেখানে লক্ষ্যবস্তু করা হয়েছে  সিন্ডিকেটের মধ্যম সারির সদস্যদের।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম