Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৪০ এএম

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

আর্জেন্টিনা সমর্থকদের একটি দল। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন।  আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সি এক ব্যক্তি এখনও পলাতক। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে শহরের প্রায় ৫ মাইল এলাকায় মোট পাঁচটি গুলির ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি গুলিবর্ষণ হয় ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে। ঘটনাস্থলগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত ৪ মাইল দূরে ছিল।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে দুই আর্জেন্টিনা সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাদের পাশে এসে দুটি গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা ভেবেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে, পরে চালককে আহত অবস্থায় দেখে বিষয়টি বুঝতে পারেন।


ঘটনার পর তাদের পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জবানবন্দি নেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা টহল গাড়িতে করে তাদের স্টেডিয়ামে পৌঁছে দেন। পুলিশ জানিয়েছে, উবার চালকের আঘাত গুরুতর ছিল না এবং তার জীবন ঝুঁকির বাইরে।

পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে সংঘটিত তিনটি গুলিবর্ষণের সময় গাড়িগুলো পূর্বদিকে যাচ্ছিল। বাকি ঘটনাগুলো শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোডে ঘটে।

এ ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্কের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার শরীরে গুলির আঘাত শনাক্ত করেন। পরে তিনি মারা যান।


পুলিশ কর্মকর্তা জ্যাকব বেকিনা জানান, সব ভুক্তভোগীই বলেছেন যে তারা সড়ক বা মহাসড়কে গাড়ি চালানোর সময় তাদের গাড়ির দিকে গুলি ছোড়া হয়েছিল।

তদন্তকারীদের ধারণা, প্রাণহানিহীন গুলিবর্ষণের ঘটনাগুলো অল্প সময়ের ব্যবধানে এবং একই সন্দেহভাজনের মাধ্যমে ঘটানো হয়েছে।

পরে পুলিশ সন্দেহভাজনকে শহরতলি ইনডিপেনডেন্সের একটি বাড়িতে শনাক্ত করে এবং সেখানে অভিযান চালায়। তবে বুধবার সকাল ৮টার দিকে বাড়িতে প্রবেশ করলে তাকে পাওয়া যায়নি।

এদিকে, কানসাস সিটি, কানসাস পুলিশও ১১ জুনের একটি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনায় ওই সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেফতারি  পরোয়ানা জারি করেছে।

ত্যথসূত্র: এবিসি নিউজ

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান!

ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান!

রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর যা ঘটল

রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর যা ঘটল

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

আরও পড়ুন

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

ভূমিকম্পের সময় একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

ভূমিকম্পের সময় একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম