Logo
Logo
×
   

আন্তর্জাতিক

৫৪৬ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

৫৪৬ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত

ছবি: সংগৃহীত

সামরিক বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ৫৪৬ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫২০ বিলিয়ন রুপি) মূল্যের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে। এই বিশাল চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন, ড্রোন বিধ্বংসী ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করা হবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সভাপতিত্বে এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) এই ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

তবে এই সরঞ্জামগুলো কতদিনের মধ্যে কেনা হবে কিংবা এগুলো বিদেশ থেকে আমদানি করা হবে নাকি ভারতের অভ্যন্তরীণ বাজারে তৈরি করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বা তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে জানানো হয়, ভারতীয় সেনাবাহিনীর জন্য এই চুক্তির আওতায় ড্রোন বিধ্বংসী ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, মাঝারি পাল্লার ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, বহনযোগ্য অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র এবং একটি অত্যাধুনিক জেট-ভিত্তিক কামিকাজে ড্রোন সিস্টেম কেনা হবে।

সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসীমার নজরদারি জোরদার করতে নতুন নৌ-মাইন ও যুদ্ধজাহাজে ব্যবহারযোগ্য ড্রোন ক্রয়ের অনুমোদন দিয়েছে ডিএসি। এছাড়া দেশটির বিমানবাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং রিমোট সেন্সিংয়ের কাজের জন্য একটি উচ্চ-উচ্চতার চালকবিহীন বিমান (ড্রোন) প্ল্যাটফর্ম কেনার পরিকল্পনাও রয়েছে এই তালিকায়।

গত এক দশক ধরে ভারত তার ঐতিহ্যবাহী প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে। এর অংশ হিসেবে নয়াদিল্লি একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়াচ্ছে, অন্যদিকে দেশীয় উৎপাদন বাড়াতে ব্যাপক জোর দিচ্ছে।

বর্তমানে ভারতের প্রতিরক্ষা বাজেট ৮৫ বিলিয়ন ডলার। এই বিশাল বাজেটের একটি বড় অংশ ব্যয় হচ্ছে নৌবাহিনীর আধুনিকায়নে। তারই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে ভারত অন্তত ৭৫টি যুদ্ধজাহাজ ও সাবমেরিনের অর্ডার দেওয়া শুরু করে, যার বেশিরভাগই দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে শীর্ষ কর্মকর্তারা ফরাসি রাফাল যুদ্ধবিমানসহ ৩৯ বিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন দিয়েছিলেন।

সূত্র: জিও নিউজ।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম