বৃষ্টিতে রাহুল-প্রিয়াংকা ভিজতেই নতুন সংসদ ভবনের নকশা বদলের নির্দেশ
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বৃষ্টিতে ভিজতে হচ্ছে ভারতের সংসদ সদস্যদের। নতুন সংসদ ভবনের যে প্রধান দরজা দিয়ে অধিকাংশ সংসাদ সদস্য যাতায়াত করেন, সেই গুরুত্বপূর্ণ প্রবেশপথের সামনে নেই কোনো ছাদবারান্দা। ফলে বৃষ্টি হলে গাড়ি থেকে নেমে খোলা জায়গা পেরিয়ে সংসদ ভবনে ঢুকতে হচ্ছে তাদের। বিষয়টি নিয়ে এবার নড়েচড়ে বসেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মকরদ্বারের সামনে ছাদবারান্দা তৈরি করা যায় কিনা, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় পূর্ত দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন মুলতবি হওয়ার পর মকরদ্বারের সামনে বিরোধী দলের কয়েকজন সাংসদকে ছাতা মাথায় নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন। তার নিরাপত্তারক্ষীরা ছাতা নিয়ে এগিয়ে এলেও রাহুল ছাতা নিতে চাননি। বৃষ্টির মধ্যেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধীও। তিনিও রাহুলের পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকেন। দুই ভাইবোনের বৃষ্টিতে ভেজার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ছাতা মাথায় সংসদ ভবনে প্রবেশ ও বের হওয়ার আরও অনেক সাংসদের ছবিও সামনে আসে। এই পরিস্থিতির পরই বিষয়টি নিয়ে উদ্যোগী হন লোকসভার অধ্যক্ষ।
সূত্রের খবর, তিনি কেন্দ্রীয় পূর্ত দপ্তরের কর্মকর্তাদের ডেকে মকরদ্বারের নকশা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পুরনো সংসদ ভবনের মতো সেখানে কোনো ছাদবারান্দা তৈরি করা যায় কিনা, তা পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।
নতুন সংসদ ভবনের মোট ছয়টি প্রবেশদ্বারের মধ্যে তিনটির সামনে ছাদবারান্দা রয়েছে। প্রধান প্রবেশপথ মূলত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ব্যবহারের জন্য। দক্ষিণ দিকের প্রবেশদ্বার ব্যবহার করেন উপরাষ্ট্রপতি। গরুড়দ্বারের সামনেও ছাদবারান্দা রয়েছে। তবে ওই পথে সাধারণত সংসদ কর্মী, কর্মকর্তা, দর্শনার্থী ও অতিথিরা যাতায়াত করেন। ভিড়ের কারণে অধিকাংশ সাংসদ সেই পথ ব্যবহার করেন না।
অন্যদিকে গুরুত্বপূর্ণ প্রবেশপথের সামনে কোনো ছাদবারান্দা নেই। লোকসভার অধ্যক্ষ যে প্রবেশপথ দিয়ে যাতায়াত করেন, সেখানেও নেই এমন ব্যবস্থা। ফলে বর্ষাকালে বৃষ্টির মধ্যে সাংসদদের খোলা জায়গা দিয়ে হাঁটতে হচ্ছে।
২০২৩ সালে প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে নতুন সংসদ ভবন নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে নির্মিত এই ভবনের নকশায় ভারতীয় শিল্প ও সংস্কৃতির নানা নিদর্শন তুলে ধরা হয়েছে। আহমেদাবাদের একটি স্থাপত্য সংস্থা এর নকশা তৈরি করে। তবে নতুন সংসদ ভবন নিয়ে এর আগেও নানা প্রশ্ন উঠেছে। বৃষ্টির সময় ভবনের বিভিন্ন অংশে পানি ঢোকার ছবিও প্রকাশ্যে এসেছে। এবার সাংসদদের বৃষ্টিতে ভেজার ঘটনা সামনে আসার পর প্রবেশপথের নকশায় পরিবর্তন আনা যায় কিনা, সেই প্রশ্নেই নজর দিল সংসদ কর্তৃপক্ষ।
