Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:৫৭ এএম

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে নতুন করে কোনো সামরিক অভিযানে না গিয়ে দেশটির ওপর ক্রমাগত অর্থনৈতিক চাপ বৃদ্ধির কৌশল অবলম্বন করতে যাচ্ছেন। খবর আনাদোলু এজেন্সির। 

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন কৌশল নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আপাতত খুব একটা উচ্চবাচ্য করছি না।’ 

তিনি জানান, মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে ‘আংশিক বা অর্ধ-আলোচনা’ চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ইরানের বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। 

ইরানের অভ্যন্তরীণ সংকট তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমরা কেবল লক্ষ্য করছি যে ইরান কীভাবে তাদের আকাশচুম্বী মূল্যস্ফীতি আর তীব্র অর্থসংকটের মধ্য দিয়ে যাচ্ছে।’ 

তার দাবি, ইরান বর্তমানে অত্যন্ত নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে রয়েছে এবং তারা নিজেদের সামরিক বাহিনীর সদস্যদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সমুদ্রপথে মার্কিন নৌবাহিনীর কার্যকর অবরোধ ইরানের সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে, যা তাদের এই চলমান অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে।

আমেরিকানদের ওপর এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্প জানান, বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৭৫ ডলারের সামান্য ওপরে নেমে আসায় মার্কিন নাগরিকদের ওপর আর্থিক প্রভাব অনেকটাই সহজ হয়ে এসেছে। 

তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই উত্তেজনাকর মুখোমুখি অবস্থান প্রসঙ্গে নিজের আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে। সবসময়ই সবকিছুর একটা সমাধান বের হয়। এটি মূলত একটি দাবার খেলার মতো।’ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম