ভারতে তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম
তৃতীয় লিঙ্গের ব্যক্তি সেজে এক নারীর বাড়িতে প্রবেশ করেন যুবক (ছবিটি এআই দিয়ে নির্মিত)। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের মুম্বাইয়ের পাওয়াই এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি সেজে এক নারীর বাড়িতে ঢুকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অনিল শেষরাও শিন্দে (২৮)। গত ১৮ আগস্ট ‘অশুভ নজর’ কাটানোর কথা বলে তিনি ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে ঢোকার পর তিনি শোবার ঘরে গিয়ে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে অশালীনভাবে স্পর্শ করেন ও যৌন হয়রানি করেন।
এ ঘটনায় পাওয়াই থানায় মামলা করা হয়। পরে পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করে। ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। শাড়ি পরা অবস্থায় তাকে একটি অটোরিকশায় করে থানের খারেগাঁও এলাকার একটি বস্তির দিকে যেতে দেখা যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তৃতীয় লিঙ্গের পরিচয় দেওয়ার পাশাপাশি ভিক্ষুকের ছদ্মবেশও ধারণ করতেন।
ঘটনার পর পুলিশ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অপরিচিত কারো পরিচয় যাচাই ছাড়া বাড়িতে প্রবেশ করতে না দেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।

