ইরানে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের ছাদ, আতঙ্কে চিৎকার করেন যাত্রীরা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানে উড্ডয়নের কয়েক মিনিট পর একটি বিমানের ইঞ্জিনে তীব্র কম্পন শুরু হলে কেবিনের ছাদের আস্তরণ খুলে পড়ে। এতে বিমানের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা চিৎকার শুরু করেন। তবে কোনো যাত্রী আহত হননি এবং সবাইকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে।
সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, সেপেহরান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ মডেলের এই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই মাশহাদে ফিরে যেতে বাধ্য হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের একটি চাকার টায়ার খুলে যাওয়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং উড্ডয়নের সময় বিমানটিতে তীব্র কম্পন শুরু হয়।
বিমানটি উত্তর-পূর্ব ইরানের মাশহাদ থেকে কেরমানশাহর উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের কয়েক মুহূর্ত পরই সমস্যাটি টের পান বিমানের কর্মীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের একটি চাকা থেকে টায়ার খুলে যাওয়ার পর পাইলট যাত্রীদের প্রযুক্তিগত সমস্যার কথা জানান।
একপর্যায়ে বিমানটি আকাশে থাকা অবস্থায় প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলে যাত্রা বাতিল করে মাশহাদ বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্রুরা।
বিমানের যাত্রীরা ওই সময়ের আতঙ্কজনক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তীব্র কম্পনের কারণে পুরো বিমান কেঁপে উঠছিল। এতে কেবিনের ভেতরের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়। বিমানের ওপরের লাগেজ রাখার খোপগুলো খুলে যায় এবং যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র আসন ও চলাচলের পথের ওপর পড়ে যায়। কিছু যাত্রী এসব পড়ে যাওয়া জিনিসের মাধ্যমে আঘাতও পেয়েছেন বলে জানা গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি বিমানবন্দরে ফেরার সময় আতঙ্কিত যাত্রীরা দোয়া পড়ছেন এবং চিৎকার করছেন। শেষ পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই বোয়িং ৭৩৭ বিমানটি নিরাপদে মাশহাদে অবতরণ করে। সেখানে জরুরি সেবাদানকারী কর্মীরা প্রস্তুত ছিলেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী বা ক্রুদের কেউ আহত হননি।
এদিকে ঘটনার কারণ নিয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। তবে এই ঘটনাটির পর বিমানটি পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিমানের টায়ার খুলে যাওয়ার সঙ্গে পরবর্তী ইঞ্জিনের সমস্যার কোনো সম্পর্ক ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হবে।

