জ্বালানি ও প্রতিরক্ষা খাত
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা বিল পাশ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে বিল পাস করেছে যুক্তরাষ্ট্র।
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আনা একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদে ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস হয়। এরই মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য বিলটি হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। খবর আল আরাবিয়ার।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে বিলটি রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ নামে পরিচিত ট্যাংকারগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বলা হয়েছে।
বিলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো, রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেওয়া। ফলে রাশিয়া থেকে জ্বালানি কেনা চীন ও ভারতের মতো দেশও এই শুল্কের আওতায় পড়তে পারে। তবে এই শুল্ক আরোপ করা হবে কি না, তা প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এর আগে গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়েছিল। প্রতিনিধি পরিষদে বিলটি পাসের পর এটি এখন ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। ট্রাম্প এরই মধ্যে বিলটিতে স্বাক্ষর করার কথা জানিয়েছেন।
বিলটি নিয়ে মার্কিন কংগ্রেসে অবশ্য পুরোপুরি ঐকমত্য ছিল না। অনেক ডেমোক্র্যাট সদস্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপকে সমর্থন করলেও ট্রাম্পকে এত বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার বিষয়ে আপত্তি জানান। তাদের আশঙ্কা, এই ক্ষমতা ভবিষ্যতে বাণিজ্যনীতিতে নির্বাহী ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারে। শেষ পর্যন্ত ৫৮ জন ডেমোক্র্যাট সদস্য বিলটির পক্ষে ভোট দেন।
বিলটির আওতায় রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে সহায়তাকারী কোম্পানি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধেও কিছু নিষেধাজ্ঞা বাড়ানোর বিধান যুক্ত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে মার্কিন কংগ্রেসকে বিলটি পাসের আহ্বান জানিয়ে আসছিলেন। সমর্থকদের মতে, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে দেশটির যুদ্ধ পরিচালনার অর্থের জোগান কমানো এবং মস্কোকে আলোচনার দিকে আনাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিলটির প্রধান উদ্যোক্তা ছিলেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। জুলাইয়ে আকস্মিক মৃত্যুর পর তার সম্মানে বিলটির নামকরণ করা হয়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে তিনি বিলটি নিয়ে কাজ করে আসছিলেন।
এদিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়ে ভারত জানিয়েছে, তারা বাজার পরিস্থিতি ও বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। ফলে বিলটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

