ইরানের সেনাবাহিনী গুড়িয়ে দেওয়ার দাবি নেতানিয়াহুর
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরাইল ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পরমাণু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেইসঙ্গে হিজবুল্লাহকেও ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশীদারত্বের প্রশংসাও করেন নেতানিয়াহু।
তিনি বলেন, গণমাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সত্যের জন্য যুদ্ধ’ চলছে। কাতার ও তুরস্কসহ কয়েকটি বিদেশি দেশের বিরুদ্ধে ইসরাইলকে নিয়ে ‘মিথ্যা ছড়াতে বিপুল অর্থ ব্যয়ের’ অভিযোগও করেন তিনি।
তিনি আরও বলেন, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা ‘খুব কঠিন’ ছিল। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিকে নিজের নেওয়া ‘সবচেয়ে সহজ সিদ্ধান্তগুলোর একটি’ বলে উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহু দাবি করেন, ‘আমি যদি এটি না করতাম, তাহলে আমরা সবাই মারা যেতাম।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, ইসরাইল নিজেদের রক্ষা করার পাশাপাশি ওই দেশগুলোকেও রক্ষা করছে—এটি দাবি করার মধ্যে ‘চরম পরিহাস’ রয়েছে।
তিনি দাবি করেন, এসব দেশের অনেক নেতা ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ ইসরাইল ইরানের পরমাণু অস্ত্র ধ্বংস করেছে।
নেতানিয়াহু বলেন, ‘এর চেয়ে অবিশ্বাস্য ভণ্ডামি কল্পনা করা কঠিন।’
জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার আগে নিউইয়র্কে বিভিন্ন দেশের প্রতিনিধিদের ব্যাপকভাবে অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটে।


