রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার সেনাবাহিনীর সদস্য সংখ্যা আরও ১৫ হাজার ৫০০ জন বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বছর সেনাবাহিনীর আকার বাড়াতে এটি তার চতুর্থ দফার নির্দেশ।
সোমবার পুতিন এ-সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। ইউক্রেন যুদ্ধ সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলার মধ্যে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষেরই হতাহতের সংখ্যা বাড়ছে। তবে সেনাসদস্য বাড়ানোর কারণ সম্পর্কে ডিক্রিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ডিক্রিতে বলা হয়েছে, রুশ সশস্ত্র বাহিনীর অনুমোদিত মোট সদস্যসংখ্যা ২৪ লাখ ৪১ হাজার ৬৩০ জনে উন্নীত করা হবে। এর মধ্যে সামরিক সদস্য থাকবেন ১৫ লাখ ৫০ হাজার ৫০০ জন।
এর আগে চলতি বছরের মার্চ, জুন ও জুলাইয়ে সেনাবাহিনীর আকার বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন পুতিন। মার্চ থেকে এ পর্যন্ত সব মিলিয়ে রুশ সামরিক বাহিনীতে ৪৭ হাজার ৮৬০ জন সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে চলতি বছর ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রার গতি কমেছে। সম্মুখভাগে ব্যাপকভাবে ড্রোন ব্যবহারের কারণে দ্রুত ও বড় পরিসরে সেনা মোতায়েন করা কঠিন হয়ে পড়েছে।
ইউক্রেন একাধিকবার অভিযোগ করেছে, রাশিয়া নতুন করে সেনা সমাবেশ বা সামরিক মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তবে পুতিন এই ধরনের দাবি ইউক্রেনের ‘অপপ্রচার’ বলে অভিহিত করেছেন।
এর আগে ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে একের পর এক সামরিক বিপর্যয়ের পর রিজার্ভ সেনাদের একাংশকে মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন পুতিন। সেটিই ছিল তার সর্বশেষ বড় ধরনের সামরিক সমাবেশের নির্দেশ।
সূত্র: আল আরাবিয়া

