গুজরাটে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের গুজরাটের আনন্দ জেলায় আহমেদাবাদ-ভাদোদরা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাসযাত্রী নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে একটি বিলাসবহুল বাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে আহমেদাবাদ-ভাদোদরা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বেসরকারি বাসটি দ্রুতগতিতে সামনের ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করছিল।
এ সময় হঠাৎ বাসটির সঙ্গে ট্রাকটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।
আনন্দ জেলার পুলিশ সুপার জি জি জাসানি জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ট্রাককে ওভারটেক করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কী পরিস্থিতিতে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। চালকের অসতর্কতা বা অন্য কোনো কারণে সংঘর্ষ হয়েছে কিনা, তদন্তের পর তা স্পষ্ট হবে।
আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজও চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, আহমেদাবাদ-ভাদোদরা মহাসড়ক গুজরাটের অন্যতম ব্যস্ত সড়কপথ। এই গুরুত্বপূর্ণ মহাসড়কে প্রতিদিন বিপুলসংখ্যক বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে সংঘর্ষের সঠিক কারণ আরও পরিষ্কার হবে।

