Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

সিএনএনের অনুসন্ধান

মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

ছবি: সংগৃহীত

Advertisement

চাকরির প্ল্যাটফর্মে ভুয়া প্রতিষ্ঠান খুলে সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের টার্গেট করছে সন্দেহভাজন চীনা গুপ্তচররা। বেকার কর্মকর্তাদের পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক গবেষণার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে সরকারি গোপন তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। মার্কিন সরকারের গণছাঁটাইয়ের পর এ ধরনের তৎপরতা আরও বিস্তৃত হয়েছে বলে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের অনুসন্ধানে উঠে এসেছে।

সন্দেহভাজন চীনা গুপ্তচররা ভুয়া প্রতিষ্ঠান ও চাকরির সুযোগের এক বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে। এর মাধ্যমে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের প্রলুব্ধ করে সরকারি গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। এ তৎপরতা আগে ধারণা করা হয়েছিল, তার চেয়েও ব্যাপক বলে জানিয়েছে সিএনএন।

এ কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়া ১২ জনের সাক্ষাৎকার এবং সন্দেহজনক ভুয়া ওয়েবসাইট বিশ্লেষণ করে সিএনএন জানতে পেরেছে, ট্রাম্প প্রশাসনের হাজার হাজার ফেডারেল কর্মী ছাঁটাইয়ের পর যুক্তরাষ্ট্রের সংবেদনশীল তথ্য সংগ্রহের জন্য আরও বিস্তৃত লক্ষ্যবস্তু তৈরি হয়েছে। সাবেক কর্মকর্তাদের মতে, এসব কর্মী পর্যাপ্ত দিকনির্দেশনা ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে সুরক্ষা ছাড়াই চাকরি হারিয়েছেন। ফলে তারা বেইজিংয়ের জন্য মূল্যবান তথ্যের উৎস হয়ে উঠতে পারেন এবং ওয়াশিংটনের নিরাপত্তার দুর্বল জায়গায় পরিণত হয়েছেন।

চীনের সন্দেহভাজন এ তৎপরতা জনপ্রিয় ধারণার প্রচলিত গোপন গুপ্তচরবৃত্তির মতো নয়। বরং সম্ভাব্য লক্ষ্যবস্তুদের সঙ্গে যোগাযোগের জন্য লিংকডইনের মতো সাধারণ চাকরি ও পেশাগত যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে। সরকারি কর্মীদের পাশাপাশি সাংবাদিক, বাণিজ্যবিষয়ক পরামর্শক ও যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের কাছে মূল্যবান বলে বিবেচিত তথ্য জানেন এমন ব্যক্তিদেরও এ পরিকল্পনার আওতায় আনা হয়েছে।

জুন মাসে এফবিআই ১৩টি ওয়েবসাইট জব্দ করে। কর্মকর্তাদের দাবি, এগুলো ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। এই জাল নিয়োগ কৌশলের বিষয়ে এফবিআইয়ের পদক্ষেপে কিছুটা ধারণা পাওয়া যায়। চীন এফবিআইয়ের অভিযোগ অস্বীকার করেছে। সিএনএন জব্দ করা ওয়েবসাইটগুলোর সফটওয়্যার কোড বিশ্লেষণ করেছে, অন্য সন্দেহজনক চাকরির বিজ্ঞাপন খতিয়ে দেখেছে এবং একই ধরনের প্রতিষ্ঠানের যোগাযোগ পাওয়া ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছে। এ ছাড়া এফবিআই কর্তৃক বন্ধ করে দেওয়া ওয়েবসাইটগুলোর মতো বৈশিষ্ট্য ও বিষয়বস্তু রয়েছে, এমন আরও কয়েকটি ওয়েবসাইট শনাক্ত করেছে সিএনএন।


গণতন্ত্রের প্রতিরক্ষা ফাউন্ডেশন (এফডিডি) থিংক ট্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার আরও দুটি ওয়েবসাইট খুঁজে পান এবং সেগুলো সিএনএনের সঙ্গে শেয়ার করেন। এসব সাইটের কিছু ওয়েব অবকাঠামো ও অন্যান্য সংযোগ এফবিআই জব্দ করা ওয়েবসাইটগুলোর সঙ্গে মিলে যায়।

সব মিলিয়ে লেসার ১০০টির বেশি ওয়েব ডোমেইন শনাক্ত করেছেন। এর অনেকগুলোর বৈশিষ্ট্য এফবিআই বন্ধ করে দেওয়া সাইটগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ডোমেইন হলো ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে প্রবেশের ঠিকানা। লেসারের মতে, এ বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে চীনা গোয়েন্দা অভিযান পরিচালনার বৈশিষ্ট্য রয়েছে।

গত ২০২৫ সালের নভেম্বরে লেসার প্রকাশ্যে এসব ডোমেইনের বিষয়ে তথ্য জানানোর পরও কয়েক মাস ধরে অধিকাংশ সাইট অনলাইনে সক্রিয় ছিল এবং ব্যবসা পরিচালনা করছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে অনেক সাইট বন্ধ হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ প্রতারণার খুব সামান্য অংশই বন্ধ করতে পেরেছে।

এফবিআইয়ের এক মুখপাত্র সিএনএনকে বলেন, ‘এফবিআই এ তৎপরতা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হুমকি মোকাবিলায় অনুমোদিত পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে এমন কিছু উদ্যোগও রয়েছে, যা জনসমক্ষে প্রকাশ করা হয় না।’ তিনি আরও বলেন, চলমান যোগাযোগ ও প্রচারণার মাধ্যমে এ হুমকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কাজও করছে এফবিআই।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বিস্তারিত মন্তব্য চাওয়ার জবাবে বলেন, ‘আপনি যে বিষয়ে উল্লেখ করেছেন, সে সম্পর্কে আমি অবগত নই। তথাকথিত চীনা গুপ্তচরবৃত্তির বয়ান ছড়িয়ে চীনকে হেয় করার বিরোধিতা করে বেইজিং।’

এ তৎপরতা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈশ্বিক আধিপত্য বিস্তারের বৃহত্তর প্রতিযোগিতার অংশ। দুই দেশই একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলছে। চলতি মাসে চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে পদত্যাগ করতে হয়েছিল। তার বিরুদ্ধে এমন এক নারীর সঙ্গে সম্পর্ক থাকার তথ্য প্রকাশিত হয়েছে, যাকে কিছু মার্কিন কর্মকর্তা চীনা গোয়েন্দা সংস্থার ‘অ্যাসেট’ বলে সন্দেহ করেন। বেইজিং গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

চীনকে লক্ষ্য করে আরও জোরালো গুপ্তচরবৃত্তির ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসনও। সেপ্টেম্বরে এক বক্তব্যে সিআইএর উপপরিচালক মাইকেল এলিস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও জীবপ্রযুক্তির মতো ক্ষেত্রে চীনা কোম্পানিগুলো বৈধভাবে গুপ্তচরবৃত্তির লক্ষ্য হতে পারে।


ছাঁটাই কর্মকর্তারা বড় টার্গেট

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার প্রথম বছরে ছাঁটাই, পদত্যাগ ও অন্যান্য কারণে কয়েক লাখ ফেডারেল কর্মী চাকরি হারিয়েছেন। কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীবাহিনীতে এটি ছিল অন্যতম বড় কর্মী হ্রাসের ঘটনা। এর ফলে ওয়াশিংটন ডিসি এলাকায় হঠাৎ করেই নিরাপত্তা ছাড়পত্রধারী বেকার মানুষের সংখ্যা বেড়ে যায়।

সিএনএন এর আগে জানিয়েছিল, চীন ও রাশিয়ার মতো বিদেশি শক্তিগুলো এ পরিস্থিতিতে সাড়া দিয়ে জাতীয় নিরাপত্তায় কাজ করা মার্কিন নাগরিকদের নিয়োগে গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপর করে। বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন বা চাকরি হারানোর আশঙ্কায় ছিলেন, তাদের লক্ষ্যবস্তু করা হয়।

গণছাঁটাইয়ের প্রসঙ্গে এক সাবেক জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমরা অপ্রয়োজনীয় একটি দুর্বলতা তৈরি করেছি। কমিউনিস্ট পার্টি অব চায়নার মোকাবিলা করার প্রয়োজনীয় উপকরণ ছাড়াই হাজার হাজার, এমনকি লাখ লাখ মানুষের জন্য প্রবেশাধিকার ও সুযোগ তৈরি করে দিয়েছি।’

এসব উপকরণের মধ্যে সরকার থেকে সাবেক কর্মীদের সম্ভাব্য নিয়োগদাতা প্রতিষ্ঠান সম্পর্কে বিনা মূল্যে ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের সুযোগ দেওয়ার বিষয়টিও থাকতে পারে বলে জানান হোল্ডেন ট্রিপলেট। তিনি প্রথম ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা পরিষদের কাউন্টারইন্টেলিজেন্স পরিচালক ছিলেন।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের সাক্ষাৎকারে উঠে এসেছে, নিজ দেশের সরকারের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার পর কীভাবে তারা শত্রুভাবাপন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার পরিস্থিতির মুখে পড়ছেন।

২০২৫ সালে ওয়েস ব্রায়ান্ট পেন্টাগনের এমন একটি দপ্তরে কাজ করছিলেন, যার দায়িত্ব ছিল সামরিক অভিযানে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমানো। গণমাধ্যমে তার দপ্তরের বাজেট কমানোর সমালোচনা করার পর তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে তিনি জানান। ব্রায়ান্টের পদত্যাগের বিষয়ে মন্তব্য চেয়ে পেন্টাগনের কাছে যোগাযোগ করেছে সিএনএন।

ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে অংশ নেওয়া সাবেক বিমানবাহিনীর মাস্টার সার্জেন্ট ব্রায়ান্ট সিএনএনকে বলেন, ‘দেশের ভেতরে আমার সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে আগে থেকেই আমার মধ্যে অনেক ক্ষোভ ছিল।’

তিনি আরও বলেন, ‘এই কমিউনিস্ট শাসন কীভাবে ধরে নিতে পারে, আমার মতো কেউ নিজের সরকারের সমালোচনা করছে বলে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইবে?’

ব্রায়ান্টের সঙ্গে এমন একটি পরামর্শক প্রতিষ্ঠান যোগাযোগ করেছিল, যেটি আদতে চীনা গোয়েন্দাদের ছিল বলে তার ধারণা।

ট্রিপলেট সিএনএনকে বলেন, এ ধরনের ষড়যন্ত্র থেকে সাবেক কর্মীদের সুরক্ষায় মার্কিন সরকার যথেষ্ট করছে না। সরকারের বাইরে নিরাপত্তা ছাড়পত্রধারীরা সন্দেহজনক যোগাযোগ বা চাকরির প্রস্তাব যাচাই করার জন্য একই ধরনের তথ্য ও সুযোগ পান না।

এ সমালোচনার জবাবে ১৭টি মার্কিন গোয়েন্দা সংস্থার তদারককারী জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই) এক কর্মকর্তা বলেন, ‘বর্তমান ও সাবেক কর্মীরা যাতে ঝুঁকি সম্পর্কে বুঝতে পারেন, কোথায় নির্দেশনা চাইতে হবে জানেন এবং সন্দেহজনক যোগাযোগের বিষয়ে কোথায় রিপোর্ট করতে হবে, তা জানতে পারেন, তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’


সবচেয়ে বড় গোয়েন্দা হাতিয়ার

ভুয়া প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করে। আদালতের নথি অনুযায়ী, তারা প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চুরি করা পরিচয় ব্যবহার করে আকর্ষণীয় করপোরেট ওয়েবসাইট তৈরি করে।

এরপর লিংকডইনের মতো পেশাগত নেটওয়ার্কে চীন-সম্পর্কিত বিষয়ে পরামর্শক পদে অস্পষ্ট বিবরণ দিয়ে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। সাবেক মার্কিন সরকারি কর্মকর্তা বা বেসরকারি পরামর্শক ওই কাজের জন্য আবেদন করেন। কোনো কোনো ক্ষেত্রে ভুয়া প্রতিষ্ঠানের জন্য গবেষণা প্রতিবেদনও তৈরি করেন, অথচ প্রকৃত গ্রাহক কে, তা জানেন না।

এফবিআইয়ের কাউন্টারইন্টেলিজেন্স তদন্ত চলমান থাকায় কর্মকর্তারা এখন এসব ছদ্মবেশী প্রতিষ্ঠানের কারণে জাতীয় নিরাপত্তার কতটা ক্ষতি হয়েছে এবং কীভাবে তা ঠেকানো যায়, তা নির্ধারণের চেষ্টা করছেন।

ট্রিপলেট বলেন, ‘যাদের সঙ্গে (সন্দেহভাজন চীনা গুপ্তচর) যোগাযোগ করছে, তারা সবাই অত্যন্ত সতর্ক থাকলেও এত বেশি মানুষের সঙ্গে কথা বলছে যে, একটি গোয়েন্দা কর্মসূচির সামগ্রিক চিত্র তারা পেয়ে যেতে পারে।’

ট্রিপলেট মস্কো ও বেইজিংয়ে মার্কিন দূতাবাসে এফবিআই অ্যাটাশে হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের কাউন্টারইন্টেলিজেন্স ও সাইবার বিভাগের প্রধান বিশেষ এজেন্ট ড্যানিয়েল উইয়েরজিবিকি বলেন, গবেষণা প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের সঙ্গে চীনের ইলেকট্রনিক নজরদারি ও মানব গোয়েন্দা উৎস থেকে সংগ্রহ করা অন্যান্য তথ্য মিলিয়ে নিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কৌশলগত বা অর্থনৈতিক সুবিধা’ পেতে পারে বেইজিং।

উইয়েরজিবিকি সিএনএনকে বলেন, চীন ‘খুব সক্ষম প্রতিপক্ষ’। এআইয়ের সহায়তায় দেশটি আরও উন্নত হচ্ছে।

সিএনএন ও এফডিডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুর দিকে ব্যাপক সরকারি ছাঁটাই চলার সময় এ ধরনের গোপন তৎপরতা উচ্চমাত্রায় অব্যাহত ছিল।


বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে, এআই প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি এবং লিংকডইনের মতো প্ল্যাটফর্মের জনপ্রিয়তা এসব গুপ্তচরবৃত্তিকে আরও শক্তিশালী করেছে।

ট্রিপলেট বলেন, ‘লিংকডইন সম্ভবত এ পর্যন্ত তৈরি সবচেয়ে বড় গোয়েন্দা হাতিয়ার।’

লিংকডইনের এক মুখপাত্র সিএনএনকে দেওয়া বিবৃতিতে বলেন, ‘ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা বা পরিচয় গোপন করে অন্য পরিচয় ব্যবহার করা আমাদের পরিষেবার শর্তাবলির স্পষ্ট লঙ্ঘন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত অপব্যবহার শনাক্ত করতে আমরা কাজ করছি এবং ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে আমাদের নীতি প্রয়োগ অব্যাহত রাখব।’

সিএনএন স্বাধীনভাবে শনাক্ত করা বেশ কয়েকটি ওয়েবসাইটের সেটিংস ও ডোমেইন নিবন্ধনসংক্রান্ত তথ্যে চীনা অক্ষর পাওয়া গেছে। একটি প্রতিষ্ঠান নিজেদের সিঙ্গাপুরভিত্তিক দাবি করলেও দেশটির ব্যবসায়িক রেকর্ডে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি। এসব প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপনে সাধারণত এফবিআই জব্দ করা ওয়েবসাইটগুলোর মতো ভাষা ও স্টক ছবি ব্যবহার করা হয়।

এফডিডির লেসার নতুন একটি সন্দেহভাজন ভুয়া প্রতিষ্ঠান শনাক্ত করেছেন, যার নাম অ্যাসপিরিফাই কনসাল্টিং। প্রতিষ্ঠানটি নিজেদের সিঙ্গাপুরভিত্তিক বলে দাবি করে। লেসারের অনুসন্ধানে দেখা গেছে, এক বছরের বেশি সময় ধরে অ্যাসপিরিফাইয়ের ওয়েবসাইট এফবিআই জব্দ করা একটি পরামর্শক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সঙ্গে একই আইপি ঠিকানা ব্যবহার করেছে। দুটি ওয়েবসাইটের অন্যান্য ওয়েব অবকাঠামো ও ইমেইল কনফিগারেশনেও মিল পাওয়া গেছে, যা একই সন্দেহভাজন চীনা গোয়েন্দা অভিযানের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয় বলে লেসার জানিয়েছেন।

ওয়েবসাইটটিতে ভুয়া হওয়ার বিভিন্ন লক্ষণ ছিল। এর মধ্যে স্টক ছবি ও কর্মীদের অসম্পূর্ণ জীবনী উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটির কথিত কাজের ক্ষেত্রও সিএনএন বিশ্লেষণ করা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কের অন্য সদস্যদের সঙ্গে মিলে যায়। অ্যাসপিরিফাইয়ের ওয়েবসাইটে আন্তর্জাতিক বিষয়ক ‘পলিসি অ্যানালিস্ট’ পদে একটি চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, সামরিক বা গোয়েন্দা সংস্থায় কাজের অভিজ্ঞতা প্রার্থীর জন্য বিশেষ সুবিধা হিসেবে বিবেচিত হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে অ্যাসপিরিফাই কনসাল্টিংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সিএনএন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের মোড়লিপনা শেষ, বিশ্ব ব্যবস্থা হবে বহুমেরুকেন্দ্রিক

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের মোড়লিপনা শেষ, বিশ্ব ব্যবস্থা হবে বহুমেরুকেন্দ্রিক

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত,  দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী?

অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী?

আরও পড়ুন

সিএনএনের অনুসন্ধান মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান

ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম