Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী

যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যাবে এবং ইরানিরা জয়ী হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক জন জে. মিয়ারশাইমার। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যাবে এবং ইরানিরা জয়ী হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক জন জে. মিয়ারশাইমার। তার মতে, ইতিহাসে এমন একটিও নজির নেই যেখানে শুধু বিমান শক্তি দিয়ে শাসনব্যবস্থা পরিবর্তন করা গেছে। এ কারণে যুক্তরাষ্ট্র যতই আধুনিক বিমান দিয়ে হামলা করুক এ যুদ্ধে জয়ী হবে না। অথচ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প কেবল বিমান হামলা চালিয়ে ইরানের শাসনব্যবস্থা বদলে দেওয়ার চেষ্টা করেছেন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হবে এবং ইরান জয়ী হবে। ইরানিদের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির আরও বড় ক্ষতি করবে বলেও তিনি সতর্ক করেন।

প্রায় আট দশক ধরে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্বব্যবস্থার উত্থান-পতন প্রত্যক্ষ করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জন জে. মিয়ারশাইমার। ‘মার্গালা ডায়ালগ’-এ দেওয়া দুই ঘণ্টার এক বক্তৃতায় তিনি শ্রোতাদের সামনে একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা থেকে ক্রমবিকাশমান বহুমেরুকেন্দ্রিক বিশ্ব এবং বৃহৎ শক্তির রাজনীতির প্রত্যাবর্তনের বিবর্তন তুলে ধরেছেন। তার মতে, আন্তর্জাতিক রাজনীতি বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। তার বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছে জিও নিউজ। 

বৃহৎ শক্তির রাজনীতির রূপরেখা ব্যাখ্যা করতে গিয়ে ৭৮ বছর বয়সি এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ১৯৯২ থেকে ২০১৭ সাল পর্যন্ত একমেরুকেন্দ্রিক বিশ্বে কোনো বৃহৎ শক্তির রাজনীতি ছিল না; কারণ ওই সময় যুক্তরাষ্ট্র একক পরাশক্তি ছিল। আমেরিকার সেই আধিপত্যের যুগের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা ছিলাম গডজিলার মতো, এবং আমরা সারা বিশ্বে ছুটে বেড়িয়ে প্রতিটি রাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ করেছি। সেটিই ছিল একমেরুকেন্দ্রিক মুহূর্ত।’

দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বে বেড়ে ওঠা অধ্যাপক মিয়ারশাইমার যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দুই পরাশক্তির যুগের কথা স্মরণ করেন, যা ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে শেষ হয়। তিনি বৃহৎ শক্তিগুলোকে ‘গরিলা’র সঙ্গে তুলনা করে বলেন, এরা ‘ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং প্রচুর সমস্যার সৃষ্টি করে।’ তাই এদের মধ্যকার প্রতিযোগিতার দিকে বিশ্বের নজর রাখা উচিত।

যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা ও পাকিস্তানের অবস্থান

বিখ্যাত এই বাস্তববাদী তাত্ত্বিক একবিংশ শতাব্দীর বাকি সময়ের জন্য যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাকে ‘প্রধান বৃহৎ প্রতিদ্বন্দ্বিতা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, প্রথমবারের মতো ইউরোপের চেয়ে পূর্ব এশিয়া যুক্তরাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ চীন এখন আমেরিকার প্রধান হুমকি। ‘পিভট টু এশিয়া’ (এশিয়ামুখী নীতি) ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মূল উদ্দেশ্য ছিল চীনকে কোণঠাসা করতে পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া।

যুক্তরাষ্ট্র ও চীনের এই প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তানের ওপর কীভাবে প্রভাব ফেলছে, সে বিষয়ে আলোকপাত করে অধ্যাপক মিয়ারশাইমার উভয় দেশের সঙ্গে ইসলামাবাদের ভারসাম্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র—উভয়ের সঙ্গেই পাকিস্তানের বেশ ভালো সম্পর্ক রয়েছে। পাকিস্তানকে এখনো কোনো এক পক্ষকে বেছে নিতে বাধ্য করা হয়নি, যা নিঃসন্দেহে পাকিস্তানের স্বার্থের অনুকূলে।

একজন পাকিস্তানি কৌশলবিদের দৃষ্টিভঙ্গি থেকে তিনি সতর্ক করে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই এখন এশিয়া জুড়ে তীব্র নিরাপত্তা প্রতিযোগিতায় লিপ্ত, তাই আগামীতে পাকিস্তানের পরিস্থিতি কী দাঁড়াবে সেদিকে নজর দেওয়া জরুরি। চীনের শক্তিশালী নৌবাহিনী (ব্লু-ওয়াটার নেভি) গড়ে তোলার প্রসঙ্গ টেনে তিনি জানান, আমেরিকানদের মতো চীনারাও উল্লেখযোগ্য সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা অর্জন করতে চায়।

কৌশলগত চাপে আছে যুক্তরাষ্ট্র

মিয়ারশাইমার উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে পারস্য উপসাগর ও ইউক্রেনে আটকে পড়ায় এশিয়ায় মনোযোগ দিতে পারছে না। ফলে ‘এশিয়ামুখী নীতি’র বদলে উল্টো এশিয়া থেকে সরে আসার পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে গভীরভাবে জড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এখন পূর্ব এশিয়ায় কোনো সংকট বা চীনের সঙ্গে ঝামেলা একদমই চায় না।”

মার্কিন নৌবাহিনী আগের মতো বড় নেই উল্লেখ করে তিনি জানান, পারস্য উপসাগরে ব্যাপকভাবে মোতায়েন করার জন্য পূর্ব এশিয়া থেকে গুরুত্বপূর্ণ নৌবহর সরিয়ে নেওয়া হয়েছে। কৌশলগতভাবে চাপে থাকার কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি নমনীয় আচরণ করছেন বলে তিনি মনে করেন। তবে ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র আবারও এশিয়ায় মনোযোগ দেবে এবং তখন চীন-মার্কিন উত্তেজনা ব্যাপকভাবে বাড়বে—যা পাকিস্তানের জন্য মোটেও স্বস্তিদায়ক হবে না।

যুক্তরাষ্ট্রের যুদ্ধের আসক্তির সমালোচনা করে অধ্যাপক মিয়ারশাইমার বলেন, “যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত।” প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বর্তমান ইরান যুদ্ধকে দ্বিতীয় যুদ্ধ (প্রথমটি ছিল গত বছরের ১২ দিনের যুদ্ধ) হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আফগানিস্তানে পরাজয় এবং ইরাকে রক্তাক্ত হওয়ার পরও আমরা ইরানের বিরুদ্ধে দুবার যুদ্ধে জড়িয়েছি।”

ইরানে মার্কিন যুদ্ধকে একটি ‘অযৌক্তিক সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তিনি জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প কেবল বিমান হামলা চালিয়ে ইরানের শাসনব্যবস্থা বদলে দেওয়ার চেষ্টা করেছেন। ঐতিহাসিক উদাহরণ টেনে তিনি বলেন, “ইতিহাসে এমন একটিও নজির নেই যেখানে শুধু বিমান শক্তি দিয়ে শাসনব্যবস্থা পরিবর্তন করা গেছে... এর জন্য স্থল অভিযান চালাতে হয়।” তিনি মনে করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হবে এবং ইরান জয়ী হবে। ইরানের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির আরও বড় ক্ষতি করবে বলেও তিনি সতর্ক করেন।

গাজায় গণহত্যা ও মার্কিন সংশ্লিষ্টতা

গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে মিয়ারশাইমার বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরাইল গাজাকে জাতিগতভাবে নির্মূল করার সুযোগ হিসেবে নিয়েছে এবং তাদের সামরিক অভিযান গণহত্যায় রূপ নিয়েছে। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বিতাড়িত করার উপায় হিসেবে এই গণহত্যা চালানো হয়েছে এবং তা ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিরা গাজা ছাড়েনি। কিন্তু ইসরাইলিরা এখনো তাদের তাড়িয়ে দিতে বদ্ধপরিকর।” পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের জর্ডানে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং গাজাকে একটি বন্দিশিবিরে পরিণত করে আরেকটি ‘নাকবা’ (বিপর্যয়) তৈরি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এই গণহত্যা সম্ভব হতো না উল্লেখ করে তিনি বলেন, “এটি বোঝা খুবই জরুরি যে যুক্তরাষ্ট্র এই গণহত্যার সহযোগী।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক আইন

২০১৭ সাল থেকে শুরু হওয়া বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বে তিনটি বৃহৎ শক্তি রয়েছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তার মতে, “যুক্তরাষ্ট্র এখনো সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র; চীন খুব কাছাকাছি দ্বিতীয় অবস্থানে থাকা দেশ এবং রাশিয়া এই তিন বৃহৎ শক্তির মধ্যে সবচেয়ে দুর্বল রাষ্ট্র।”

পঞ্চম বছরে পদার্পণ করতে যাওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের সামান্য অংশ দখল করতেই রাশিয়াকে হিমশিম খেতে হচ্ছে। রুশ সেনাবাহিনী ততটা দক্ষ বা বিপজ্জনক নয় উল্লেখ করে তিনি পুরো ইউক্রেন বা পূর্ব ইউরোপ দখলের সম্ভাবনাকে নাকচ করে দেন। তবে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, যাকে তিনি ‘পাগলামি’ বলে অভিহিত করেন। কারণ এর ফলে রাশিয়া চীনের দিকে ঝুঁকে পড়ছে। ক্ষমতার ভারসাম্যের নীতি অনুযায়ী, চীনের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উচিত ছিল রাশিয়াকে নিজেদের মিত্র হিসেবে রাখা।

পরিশেষে আন্তর্জাতিক রাজনীতিকে একটি ‘হতাশাজনক বিষয়’ হিসেবে বর্ণনা করে অধ্যাপক মিয়ারশাইমার বলেন, বৃহৎ শক্তিগুলো নিজেদের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আইন তৈরি করে, কিন্তু স্বার্থের পরিপন্থি হলে তারাই আবার তা অমান্য করে। তার মতে, আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন মূলত দুর্বল রাষ্ট্রগুলোর ওপরই বেশি কার্যকর হয়, শক্তিশালী রাষ্ট্রগুলোর ওপর নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

যুক্তরাষ্ট্রের মোড়লিপনা শেষ, বিশ্ব ব্যবস্থা হবে বহুমেরুকেন্দ্রিক

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের মোড়লিপনা শেষ, বিশ্ব ব্যবস্থা হবে বহুমেরুকেন্দ্রিক

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

তেলের দামে ফের দরপতন

তেলের দামে ফের দরপতন

আরও পড়ুন

সিএনএনের অনুসন্ধান মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নারাজ নেতানিয়াহু

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নারাজ নেতানিয়াহু

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে

যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম