ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের সঙ্গে ইরানের যোগসূত্র থাকতে পারে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দুবাই থেকে দখলদার ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে কো-পাইলটের হামলা ও বিমানটি বিধ্বস্ত করার চেষ্টার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত ইরানের সম্পৃক্ততার কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে মার্কিন কর্মকর্তারা তদন্ত করছেন। তার কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে হামলাকারী কো-পাইলটের সঙ্গে ইরানের যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করছেন।
ইরান এ ঘটনায় জড়িত থাকলে যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কো-পাইলটের সঙ্গে ইরান বা অন্য কোনো পক্ষের যোগাযোগ ছিল কিনা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
নেতানিয়াহু বলেন, কয়েক দিনের মধ্যে তদন্ত থেকে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। তবে তার দাবি, কো-পাইলট ইসলামপন্থি উগ্রবাদে প্রভাবিত হয়েছিলেন। ব্যক্তিগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্তকারীরা এ বিষয়ে ধারণা পেয়েছেন বলেও জানান তিনি।
বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের পর কো-পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করেন এবং বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। যাত্রী ও বিমানের কর্মীদের প্রতিরোধের মুখে তার সেই চেষ্টা ব্যর্থ হয়।
ঘটনার সময় ক্যাপ্টেনকে আহত অবস্থায় ককপিটের দরজা খুলে সাহায্যের জন্য আহ্বান জানাতে সক্ষম হন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। বিমানে থাকা দুই অতিরিক্ত পাইলট পরে বিমানটির নিয়ন্ত্রণ নেন এবং সৌদি আরবে বিমানটি অবতরণ করান।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'আর এনডিটিভিকে জানিয়েছেন, হামলাকারী কো-পাইলট ওমানের নাগরিক। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার উদ্দেশ্যও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। হামলাটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক তদন্তকারীরাও কো-পাইলট কেন ক্যাপ্টেনের ওপর হামলা চালিয়ে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন, তা জানার চেষ্টা করছেন।
এদিকে ট্রাম্প এর আগে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করেন। তার প্রতিরোধের কারণেই বিমানটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: এনডিটিভি
