এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের প্রভাবশালী তিন নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নানা জল্পনা ও উদ্বেগ তৈরি হয়েছে। ইউক্রেন ও তাইওয়ানের মতো গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যুতে সমঝোতার মাধ্যমে বিশ্বকে নিজেদের প্রভাববলয়ে ভাগ করে নেওয়ার কোনো পরিকল্পনা করছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইউরোপ, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের আশঙ্কা ছিল, তিন নেতা হয়তো নিজেদের মধ্যে দরকষাকষির মাধ্যমে বিশ্ব রাজনীতির নতুন মানচিত্র তৈরির চেষ্টা করবেন। তবে আপাতত তেমন কোনো কার্যকর কৌশলগত পরিকল্পনার আভাস পাওয়া যায়নি।
তিন দেশের জাতীয় স্বার্থের ভিন্নতা আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানোর অঙ্গীকারও বৃহস্পতিবার আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেমন প্রভাব ফেলতে পারেনি।
বৈঠকে জাতিসংঘের সংস্কার, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুর্বল করা এবং পারমাণবিক অস্ত্রের মাধ্যমে বিশ্ব ধ্বংসের ঝুঁকি এড়ানোর মতো বিষয় উঠে আসে। তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা কার্যকর পদক্ষেপের ঘোষণা আসেনি।
তারপরও এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার এই বৈঠকের প্রতীকী গুরুত্ব ছিল অনেক বেশি। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের কাছে অনেকটা একঘরে হয়ে পড়া পুতিন এবার যুক্তরাষ্ট্র ও চীনের দুই শীর্ষ নেতার সঙ্গে একই টেবিলে বসেছেন। অর্থনৈতিক অংশীদার, পারমাণবিক শক্তিধর দেশের নেতা এবং ট্রাম্পের ভাষায় ‘আমার বন্ধু’ হিসেবে পেয়েছেন বিশেষ মর্যাদা।
বড় শক্তির আধিপত্যের বার্তা
চীনের আধুনিক প্রযুক্তিনির্ভর শহর শেনজেনের একটি সরকারি ভবনে গোল টেবিলে বসেন তিন নেতা। তাদের প্রাথমিক বক্তব্যে ফুটে ওঠে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের পরাশক্তিকেন্দ্রিক বিশ্বব্যবস্থার মনোভাব।
শি জিনপিং বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বিশেষ দায়িত্ব রয়েছে। অন্য দেশগুলোর সামনে তাদের উদাহরণ তৈরি করা উচিত।
পুতিনও একই সুরে কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় এবং পরবর্তী সময়ে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব রয়েছে এই তিন দেশের।
অন্যদিকে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘বিপথগামী বৈশ্বিকতাবাদী সংস্থাগুলোর’ একটি হিসেবে উল্লেখ করেন। তার মতে, এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
ট্রাম্প আরও বলেন, পুরোনো ধ্যানধারণা আঁকড়ে ধরে এবং আলোচনা এড়িয়ে কোনো সমস্যার সমাধান হয়নি। এ কারণেই তিন দেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনা জরুরি।
ছোট দেশগুলোর ভবিষ্যৎ কি বড় শক্তির হাতে?
তিন নেতার বৈঠক ঘিরে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে অপেক্ষাকৃত ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর মধ্যে। তাদের আশঙ্কা, বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিলে অন্য দেশগুলোকে তার পরিণতি মেনে নিতে হতে পারে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক জা ইয়ান চং বলেন, তিন নেতার মনোভাব অনেকটা এমন—ছোট ও মাঝারি শক্তির দেশগুলোকে নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে না। বড় শক্তিগুলোই তাদের হয়ে সিদ্ধান্ত নেবে। ভালো হোক কিংবা খারাপ, অন্যদের তা মেনে নিতে হবে।
এবারের এপেক সম্মেলনে মূলত এই দুই দৃষ্টিভঙ্গির সংঘাত স্পষ্ট হয়েছে। একদিকে পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের চেষ্টা, অন্যদিকে ছোট ও মাঝারি দেশগুলোর স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আকাঙ্ক্ষা।
এর মধ্যেই বৃহস্পতিবার ত্রিপক্ষীয় বৈঠকের আগে তাইওয়ান জানিয়েছে, রাশিয়ার দুটি সামরিক বিমান তাদের প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। চলতি সপ্তাহে এটি ছিল দ্বিতীয়বারের মতো এমন ঘটনা।
গত ৪৮ ঘণ্টায় তিন নেতার উপস্থিতি ও পারস্পরিক সৌহার্দ্যের নানা ছবি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। বিমানবন্দরে ট্রাম্পকে বিরল আলিঙ্গনে স্বাগত জানান শি। এপেকের পারিবারিক ছবিতে ট্রাম্প ও পুতিনের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন চীনা প্রেসিডেন্ট। এরপর নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসেন তারা।
ছোট দেশগুলোর পালটা অবস্থান
তবে সম্মেলনে অংশ নেওয়া অন্য নেতারা বিশ্বব্যবস্থা নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তাদের বক্তব্য, বড় শক্তিগুলোর দ্বন্দ্বের মধ্যে ছোট দেশগুলোর স্বার্থ যেন উপেক্ষিত না হয়।
বৃহস্পতিবার এপেকের ২১টি অর্থনীতির প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এক বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন। তার মতে, এ দুটি সংঘাত আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।
পুতিনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার যুদ্ধ বন্ধ করুন, এখনই বন্ধ করুন।’
মাঝারি শক্তির দেশগুলোর স্বার্থ রক্ষার পক্ষে জোরালো বক্তব্য দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর পাশাপাশি বিদেশে বিভিন্ন দেশের সঙ্গে বহুমুখী অংশীদারত্ব গড়ে তুলতে হবে। নতুন বাণিজ্য চুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে সহযোগিতা এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্ব দেন তিনি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি নিরাপত্তায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ব অর্থনীতিকে বিচ্ছিন্ন ও বিভক্ত করার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলও বলেন, উন্মুক্ত সম্পর্ক বজায় রেখে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমেই সংকট মোকাবিলার সক্ষমতা তৈরি করতে হবে।
মূলত বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় ছোট অর্থনীতির দেশগুলোর স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সম্মিলিত অবস্থান তুলে ধরেন তারা।
১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা
শেনজেনের এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন অনেক বিশ্লেষক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের তৎকালীন তিন নেতা ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উইনস্টন চার্চিল ও জোসেফ স্টালিন ইয়াল্টায় বৈঠকে বসেছিলেন। নাৎসি জার্মানির পতন এবং যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে তারা আলোচনা করেন।
সেই বৈঠকের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে ‘বিগ থ্রি’ বা তিন বৃহৎ শক্তির বিশেষ প্রভাবের চিত্র তৈরি হয়েছিল।
তবে বর্তমান পরিস্থিতি ১৯৪৫ সালের মতো নয়। ট্রাম্প, শি ও পুতিনের সামনে এখন এমন কোনো অভিন্ন শত্রু নেই, যার বিরুদ্ধে তারা একসঙ্গে কাজ করতে পারেন। একইভাবে তাদের মধ্যে অভিন্ন কোনো বড় প্রকল্পও নেই।
এ ছাড়া বর্তমান বিশ্বে ক্ষমতা অনেক বেশি ছড়িয়ে পড়েছে। ইউক্রেনসহ বিভিন্ন দেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আগের তুলনায় অনেক বেশি। এরই মধ্যে বৃহস্পতিবার রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযোগকারী সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন।
ইয়াল্টা সম্মেলনের পর পটসডাম সম্মেলনেও বড় শক্তিগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুযুদ্ধ শুরু হয় এবং সাবেক মিত্ররা পরস্পরের প্রতিপক্ষে পরিণত হয়।
তবু রাশিয়াকে আবারও বিশ্ব রাজনীতির শীর্ষ সারিতে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা থেকে মস্কোয় বহু বছর ধরে ‘নতুন ইয়াল্টা’ সম্মেলনের ধারণা আলোচিত হয়ে আসছে।
ব্লুমবার্গ ইকোনমিকসের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যাডাম ফারার বলেন, তিন নেতার বৈঠক গণমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি করলেও বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে—এমন কোনো উল্লেখযোগ্য সমঝোতা বা সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি।
তার ভাষায়, ‘এটি কোনোভাবেই ইয়াল্টা সম্মেলন ছিল না।’
চীনের তুলনায় অনেক পিছিয়ে রাশিয়া
বিশ্ব রাজনীতিতে পুতিনের অবস্থান শক্তিশালী মনে হলেও অর্থনৈতিক বাস্তবতায় রাশিয়া চীনের তুলনায় অনেক পিছিয়ে। দেশটির অর্থনীতির আকার চীনের অর্থনীতির সাত ভাগের এক ভাগেরও কম। যুক্তরাষ্ট্রের তুলনায় ব্যবধান আরও বেশি।
পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউরোপের সঙ্গে বাণিজ্য কমে যাওয়ায় রাশিয়া ক্রমেই চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
তবে বৈঠকে অংশ নেওয়ার সুযোগকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন পুতিন। বুধবার এপেকের ব্যবসায়িক নেতাদের সামনে দেওয়া বক্তব্যে রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা প্রচেষ্টাকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, এসব চাপের মধ্যেও রাশিয়া আরও শক্তিশালী হয়ে উঠছে।
অন্যদিকে শি জিনপিংয়ের সামনেও রয়েছে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। বিশেষ করে চীনের উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপ পাওয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ বেইজিংয়ের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শির সামনে কঠিন সময় অপেক্ষা করছে।
ট্রাম্পের জন্যও রয়েছে রাজনৈতিক ঝুঁকি
বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে তার জন্যও এই বৈঠক রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা বিপর্যয়ের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করতে শুরু করেছেন। এর মধ্যে দেশটির দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মার্কিন জনগণের একাংশের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে।
বিশেষ করে চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর ট্রাম্পের রাজনৈতিক অবস্থান আরও চাপে পড়েছে। মেয়াদ শেষের দিকে থাকা প্রেসিডেন্টের মতো দুর্বল অবস্থানে চলে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে তার জন্য।
তবে তিন নেতার প্রত্যেকেই মনে করছেন, দীর্ঘ মেয়াদে এই যোগাযোগ থেকে তাদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। শি জিনপিংও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক নিয়মিত আয়োজন করা উচিত।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং ফুদান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান স্টাডিজের পরিচালক উ সিনবো বলেন, তিন দেশ চাইলে বৈশ্বিক সমস্যা সমাধানে কাজ করতে পারে, ঐকমত্য তৈরি করতে পারে এবং সময়ের সঙ্গে অন্য দেশগুলোকেও সেই উদ্যোগে যুক্ত করতে পারে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা রাশিয়ার প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, জাতীয় স্বার্থের কারণেই এই তিন দেশের মধ্যে এ ধরনের যোগাযোগ প্রয়োজন। এটাই শেষ বৈঠক নয়।’
তথ্যসূত্র: এনডিটিভি





