যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পেন্টাগনের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। শন কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। খবর আল জাজিরার
শন কেয়ার্নক্রস পদত্যাগের খবর প্রকাশের পরপরই ডেভিসের নিয়োগের ঘোষণা আসে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেভিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলারকে আস্থার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।
ডেভিস বলেন, ‘আগামী প্রজন্মের পর প্রজন্ম সাইবার জগতে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ আমাদের সামনে রয়েছে। তবে সে লক্ষ্য অর্জন করতে হলে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর আধুনিকায়ন এবং সাইবার নিরাপত্তা ও যেকোনো বিপর্যয় মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর ভিত্তিকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় কার্স্টেন ডেভিসকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এর আগে, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল, ব্যাংকিং ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে শন কেয়ার্নক্রসের পদত্যাগের খবর সামনে আসে। এরপরই তার স্থলাভিষিক্ত হিসেবে ডেভিসের নাম ঘোষণা করা হয়।


