Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনকে আর কত ঢালবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

ইউক্রেনকে আর কত ঢালবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে ইউরোপীয় দেশগুলোর বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, রাশিয়া এখন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী। তাই যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়া উচিত, দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে যাওয়া নয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ফোনালাপে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর এয়ার ফোর্স ওয়ান থেকে বার্লিনে ইউক্রেনের মিত্রদের বৈঠকে ফোনে যুক্ত হন ট্রাম্প। আলোচনায় উপস্থিত ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পলিটিকো।

ফোনালাপে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়া ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনকে সহায়তাকারী বিভিন্ন দেশের এই জোটের মাধ্যমে কিয়েভকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে।


আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি জানান, যুদ্ধে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, যে যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন, সেখানে দেশগুলো অর্থ অপচয় করছে।

এ সময় পুতিন শান্তি আলোচনার বিষয়ে আন্তরিক এবং ইউক্রেনের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে প্রস্তুত বলেও ইউরোপীয় নেতাদের জানান ট্রাম্প।

তবে ইউক্রেনকে অর্থায়ন বন্ধ করতে ইউরোপীয় দেশগুলোকে ট্রাম্প নির্দেশ দিয়েছেন—এমন দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের খবর সঠিক নয়। ট্রাম্পের মূল লক্ষ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো।

হোয়াইট হাউসের এক কর্মকর্তাও ফোনালাপের সময় ট্রাম্পকে ইতিবাচক মনোভাবাপন্ন বলে বর্ণনা করেছেন। তিনি জানান, আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের ভয়াবহ মানবিক ও আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন।


ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, মানুষের প্রাণহানি ও অর্থ ব্যয়ের দিক থেকে এই যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। তাই সবারই শান্তির জন্য কাজ করা উচিত। কারণ, যুদ্ধ বন্ধ হলে মানুষের জীবন বাঁচবে এবং বিপুল অর্থ সাশ্রয় হবে। সেই অর্থ নিজেদের দেশের প্রতিরক্ষা ও সমৃদ্ধিতে ব্যয় করা সম্ভব হবে।’

ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক সহায়তার ব্যয় নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

আরও পড়ুন

ইউক্রেনকে আর কত ঢালবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের

ইউক্রেনকে আর কত ঢালবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’: রাহুল গান্ধী

বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’: রাহুল গান্ধী

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম