দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে ইলন মাস্কের হঠাৎ বিচ্ছেদ, কী বলছেন এই নারী
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম
ইলন মাস্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন শিভন জিলিস। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রযুক্তি বিশ্বের ধনকুবের ইলন মাস্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন শিভন জিলিস। তবে জিলিসের দাবি, এই বিচ্ছেদ ছিল তার জন্য সম্পূর্ণ আকস্মিক। সম্পর্ক শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ আগেও দুজনের মধ্যে ভালোবাসার বার্তা আদান-প্রদান হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
২ অক্টোবর (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দীর্ঘ এক পোস্টে নিজেদের সম্পর্কের সমাপ্তির কথা প্রকাশ করেন জিলিস।
তিনি লিখেছেন, ‘ভালোবাসায় থাকা থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার অবস্থায় চলে যাওয়া কঠিন, কোনো সতর্কতা ছাড়াই।’
জিলিস জানান, বিচ্ছেদে তিনি গভীরভাবে কষ্ট পেয়েছেন। তবে মাস্কের সঙ্গে কাটানো সময় এবং তাদের চার সন্তানকে নিয়ে তিনি কৃতজ্ঞ।

মাস্কের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্মরণ করে জিলিস বলেন, তিনি খুশি যে মাস্ককে এমন একটি জায়গা দিতে পেরেছিলেন, যেখানে তিনি নিজেকে বোঝা, যত্ন পাওয়া এবং শান্তভাবে ভালোবাসা অনুভব করতে পারতেন।
জিলিস বলেন, তাদের পরিবার ছিল মাস্কের জন্য একটি ‘নিরাপদ জায়গা’—যেখানে কাজ ও বাইরের চাপ থেকে দূরে তিনি স্বস্তি পেতেন।
জিলিস আরও বলেন, ‘আমি তাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি।’ মাস্কের কাছ থেকে তিনি বিপুল কিছু শিখেছেন বলেও জানান। একই সঙ্গে তাদের চার সন্তানকে নিজের জীবনের সবচেয়ে বড় আনন্দ হিসেবে উল্লেখ করেন তিনি।
মাস্ক ও জিলিসের চার সন্তান রয়েছে। তাদের যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুরে জন্ম নেয় ২০২১ সালে। এরপর ২০২৪ সালে জন্ম নেয় আর্কাডিয়া এবং ২০২৫ সালে তাদের চতুর্থ সন্তান সেলডন।
সম্পর্কের ইতি হলেও মাস্কের সঙ্গে ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সন্তানদের একসঙ্গে বড় করার আশা প্রকাশ করেছেন জিলিস। তিনি লিখেছেন, তারা যেন ‘ভালো বন্ধু ও সহ-অভিভাবক’ হতে পারেন—এটাই তার প্রত্যাশা।
এদিকে বিচ্ছেদের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক। জিলিসের পোস্টের পরও মাস্ককে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিভিন্ন ব্যবসায়িক বিষয় নিয়ে পোস্ট করতে দেখা গেছে।
মাস্ক ও জিলিসের সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন অনেকটাই ব্যক্তিগত ছিল। ২০২২ সালে তাদের যমজ সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসে। চলতি বছরের একটি আদালত-সংক্রান্ত কার্যক্রমে জিলিস তাদের সম্পর্কের বিষয়ে আরও কিছু তথ্য প্রকাশ করেন।
বিচ্ছেদের কারণ সম্পর্কে জিলিস বিস্তারিত কিছু জানাননি। তার বক্তব্য অনুযায়ী, সম্পর্কের সমাপ্তি হঠাৎ করেই এসেছে।
