ক্যাম্প ডেভিডে ট্রাম্প প্রশাসনের জরুরি বৈঠক
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম
বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইরান যুদ্ধ ও ইয়েমেনে হুথিদের সঙ্গে সৌদি-সমর্থিত সরকারের সংঘাত নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
শুক্রবার (২ অক্টোবর) কয়েক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে।
বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।
বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম বৈঠকটির খবর প্রকাশ করে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এরই মধ্যে সাত মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ এই সংঘাতের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
এদিকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যকার সংঘাতও সাম্প্রতিক মাসগুলোতে আরও তীব্র হয়েছে। প্রায় চার বছর ধরে চলা একটি যুদ্ধবিরতির পর নতুন করে সেখানে সহিংসতা বাড়তে শুরু করে।
ক্যাম্প ডেভিডের বৈঠকে ইরান যুদ্ধের পাশাপাশি ইয়েমেনের হুথি সংঘাত নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে বৈঠকে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না কিংবা যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এই বৈঠক এমন সময়ে হলো, যখন ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে সংশ্লিষ্ট সংঘাতগুলো নিয়ে ওয়াশিংটনের সামনে সামরিক ও কূটনৈতিক—দুই দিকেই একাধিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

