নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম
ছবি: এআই সম্পাদিত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায় ২০ জনকে আটক করেছে পুলিশ। তবে তিন ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদের মাধাপুর এলাকায় মেটার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
যুব কংগ্রেসের অভিযোগ, বিরোধী দল কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ আটকে রেখেছে মেটা। পাশাপাশি দলটির বেশ কিছু পোস্টও সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর প্রতিবাদে মেটার কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তেলেঙ্গানা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং মেটা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। কিন্তু তাদের ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে পুলিশ তাদের আটক করে।
শিব চরণের অভিযোগ, মেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের প্রচার-প্রচারণার বিষয়ে বৈরী আচরণ করছে বলেও দাবি করেন তিনি।
পুলিশ সূত্র জানায়, বিক্ষোভকারীরা মেটার কার্যালয় চত্বরে প্রবেশ করতে পারলেও মূল ভবনে ঢুকতে পারেননি। এ ঘটনায় একটি ফুলের টব ভাঙার ঘটনা ঘটেছে। তবে মেটার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এ কারণে কোনো মামলাও করেনি পুলিশ।
বিক্ষোভের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করে ভারতীয় যুব কংগ্রেস। সেখানে দেখা যায়, হাতে প্ল্যাকার্ড নিয়ে একদল নেতাকর্মী মেটার কার্যালয় চত্বরে স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে এক নেতাকর্মী একটি ফুলের টব তুলে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। এ সময় পুলিশ সদস্যদের তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।
আরেকটি ভিডিওতে মেটার কার্যালয়ের ক্যাফেটেরিয়ার মতো একটি জায়গায় নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের বিস্মিত হয়ে তাদের কর্মকাণ্ড দেখতে দেখা যায়।
বিক্ষোভের পর যুব কংগ্রেস দাবি করে, তাদের কর্মসূচির ১৫ মিনিটের মধ্যেই সংগঠনটির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে মেটা।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, যুব কংগ্রেস প্রশ্ন তুললে বিজেপি অস্বস্তিতে পড়ে। তাদের কণ্ঠ আরও জোরালো হলে মেটার বিরুদ্ধে বেছে বেছে অ্যাকাউন্ট ও পোস্ট সরানোর অভিযোগ ওঠে। আর রাজপথে প্রতিবাদে নামার পরই অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়। তবে কোনো অ্যাকাউন্ট পুনরুদ্ধারের বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

