দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে কেন সমন জারি করল যুক্তরাষ্ট্র?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের একটি আদালত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে সমন জারি করেছেন। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা একটি মামলায় তাদের নাম এসেছে। তবে ভারতের সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।
মার্কিন আদালতের সমন তাদের কাছে পৌঁছে দিতে এবার ভারতের তিনটি জেলা আদালতের সহায়তা চাওয়া হয়েছে। এর আগে ভারতের আইন মন্ত্রণালয় ও ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে সমন পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দায়ের করা একটি দেওয়ানি মামলার আসামি অজিত দোভাল ও সামন্ত গোয়েল। মামলাটি করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী শিখ নেতা ও আইনজীবী গুরপতবন্ত সিং পান্নুন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের মাটিতে তাকে হত্যার ষড়যন্ত্রে ভারতের এই দুই কর্মকর্তাসহ কয়েকজন জড়িত ছিলেন। এ ঘটনায় ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।
পান্নুন ‘শিখস ফর জাস্টিস’ নামের একটি সংগঠনের নেতা। সংগঠনটি ভারতে নিষিদ্ধ। ভারত সরকার তাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। অন্যদিকে, পান্নুন নিজেকে শিখদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সমর্থক হিসেবে তুলে ধরেন।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফেইলা ১৩ নভেম্বরের এক আদেশে ভারতের আদালতের মাধ্যমে সমন পাঠানোর অনুমতি দেন। সেই আদেশ অনুযায়ী, অজিত দোভালের জন্য সমন পাঠানো হবে পাতিয়ালা হাউজ জেলা আদালতের মাধ্যমে। সামন্ত গোয়েলের জন্য সমন পাঠানো হবে দ্বারকা ও তিস হাজারি জেলা আদালতের মাধ্যমে।
ভারতের আদালতগুলোকে সমন ও অন্যান্য আইনি নথি গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। নোটিশ পৌঁছানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার লিখিত বিবরণও চেয়েছে মার্কিন আদালত।
এ ক্ষেত্রে ১৯৬৫ সালের হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং ভারতের দেওয়ানি কার্যবিধির ২৯(গ) ধারা ও পঞ্চম আদেশের ২১ নম্বর বিধি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এসব বিধিতে বিদেশি আদালতের আইনি নথি স্থানীয় আদালতের মাধ্যমে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে।
তবে এই পর্যায়ে সমন জারি হওয়া মানেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া নয়। এটি মূলত মামলার আইনি নোটিশ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া।
আদালতের নথি অনুযায়ী, পান্নুন এর আগে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে থাকা অবস্থায় তিনবার দোভালের কাছে সরাসরি সমন পৌঁছানোর চেষ্টা করেন। তবে প্রতিবারই দোভালের নিরাপত্তাকর্মীরা বাধা দেন বলে মামলার আবেদনে দাবি করা হয়েছে।
পরে ভারতের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে দোভাল, গোয়েল ও আরেক অভিযুক্ত বিক্রম যাদবের কাছে আইনি নথি পাঠানোর চেষ্টা করেন পান্নুন। সেই চেষ্টাও সফল হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৯ অক্টোবর কূটনৈতিক চিঠির মাধ্যমে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসেও সমন পাঠিয়েছিল। তবে তাতেও সমন পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হয়নি।
শেষ পর্যন্ত ভারতীয় আদালতের সহায়তা চেয়ে আবেদন করেন পান্নুন। আদালত তার সেই আবেদন মঞ্জুর করেন।
এদিকে, ভারত সরকার শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। গত ১০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগগুলোকে ‘মনগড়া, বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেন।
গত শুক্রবার, ২০ নভেম্বর বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন করা হয় তাকে। জবাবে তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, এ ধরনের ভিত্তিহীন মামলা আমরা প্রত্যাখ্যান করি। আমরা এগুলো মানি না। এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।’
