তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল, রাজ্যসভায় প্রার্থী হয়েই মনোনয়ন
Advertisement
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম
কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার প্রায় আড়াই মাস পর বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। দলবদলের দিনই রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) সকালে কলকাতার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন কোয়েল। সেখানে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী তার গলায় উত্তরীয় পরিয়ে দেন এবং হাতে তুলে দেন দলের পতাকা। এ সময় দলের গণমাধ্যম বিভাগের আহ্বায়ক অনুপম ঘোষ ও সহ-আহ্বায়ক চন্দ্রশেখর বাসোটিয়া উপস্থিত ছিলেন।
দলে যোগ দেওয়ার পর কোয়েল বলেন, পশ্চিমবঙ্গে গত কয়েক মাস ধরে উন্নয়নের কাজ চলছে। তিনি সেই উন্নয়নের সঙ্গে যুক্ত হতে চান এবং রাজ্যে আরও উন্নয়নমূলক কাজ চান। রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি।
তবে বিজেপিতে যোগ দেওয়ার পরও সাবেক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি কোয়েল। তিনি বলেন, প্রতিটি দলই নিজেদের মতো করে ভালো কাজ করার চেষ্টা করে। কাউকে ছোট না করে তিনি এমন একটি দলে যোগ দেওয়ার কথা বলতে চান, যারা গত কয়েক মাসে উন্নয়নের কাজ ভালোভাবে করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার দলবদল নিয়ে সমালোচনার বিষয়েও ইতিবাচক থাকার কথা জানান কোয়েল। তিনি বলেন, সবার জন্য কাজ করতে চান এবং সবার মঙ্গল কামনা করেন।
কোয়েলের দলবদল নিয়ে জল্পনা শুরু হয়েছিল কয়েক মাস আগেই। গত ১৬ জুলাই তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই বৈঠকের পরই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘোষণা করেছিল তৃণমূল। তার সঙ্গে প্রার্থী করা হয়েছিল রাজ্য পুলিশের সাবেক মহাপরিচালক রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে।
মার্চে নির্বাচন শেষে ৬ এপ্রিল রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে শপথ নেন কোয়েল। তবে এরপর কোনো সংসদীয় অধিবেশনে তাকে অংশ নিতে দেখা যায়নি। বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে ১৬ জুলাই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন।
একই পথে আরও ৩ এমপি
কোয়েলের আগে তৃণমূলের রাজ্যসভার আরও তিন সংসদ সদস্য- সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। পরে তাদেরও রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করে বিজেপি।
গত ৯ জুলাই তৃণমূলের সংসদ সদস্য পদ ছাড়ার পর বিজেপিতে যোগ দিয়েছিলেন ওই তিনজন। দলটিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। কোয়েলের ক্ষেত্রেও দলবদলের দিনই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
