Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এসব হামলার ঘটনায় আহত হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ। 

বৃহস্পতিবার গাজা সিটির বিভিন্ন এলাকা ছাড়াও উত্তর-পশ্চিমাঞ্চলের আল-সুদানিয়া, রাফাহর উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এবং খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও গোলাবারুদ ব্যবহার করা হয়। নিহতদের মধ্যে ছয়জনই প্রাণ হারিয়েছেন গাজা সিটির বিভিন্ন এলাকায়। খবর আনাদোলু এজেন্সির।

চিকিৎসক সূত্রে জানা গেছে, গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-তাওয়াম এলাকার মিসরীয় ক্যাম্পে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় আহত মোহাম্মদ রাজাব ওয়ারশ আগা পরে মারা যান।

এদিকে, গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এর আগে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির উত্তরাঞ্চলীয় মাঠ হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছিলেন, হামলায় দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শহরটির দক্ষিণাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে আরও দুজন নিহত হন। আহত হন তিনজন, যাদের একজনের অবস্থা গুরুতর। আহতদের আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক চিকিৎসক।

গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের আমের প্রজেক্ট এলাকায় একটি তাঁবুতে ইসরাইলি গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন আহলাম মুবারক (৩০) নামের এক ফিলিস্তিনি নারী। আল-শিফা হাসপাতালের এক চিকিৎসক তার মৃত্যুর তথ্য জানিয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও দুই সন্তান আহত হয়েছেন। স্বামীর অবস্থা গুরুতর।

এ ছাড়া প্রায় এক সপ্তাহ আগে গাজা সিটিতে একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় আহত আহমেদ খামিস আবু নাজা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজা সিটির উপকূলীয় এলাকায় ফিলিস্তিনি নৌযান ও উপকূল লক্ষ্য করে ইসরাইলি নৌবাহিনী গুলি এবং গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একইভাবে উত্তর-পশ্চিম গাজার আল-সুদানিয়া এলাকাতেও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

দক্ষিণ গাজার রাফাহর উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি বাড়িতে ইসরাইলি গোলাবর্ষণে আহত হয়েছেন সাতজন। 

স্থানীয় সূত্রের দাবি, খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলে ইসরাইলি বাহিনীর অবস্থান করা এলাকাগুলোতে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, বানি সুহেইলা গোলচত্বরের কাছে ইসরাইলি সেনাদের ছোড়া ধোঁয়া বোমা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কয়েকটি তাঁবুতে আগুন ধরে যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বুধবার পর্যন্ত সম্মত যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইসরাইলি হামলায় এক হাজার ৪৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ হাজার ১৬১ জন।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে কঠোর অবরোধ বজায় রেখেছে ইসরাইল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে হামলার পেছনে এই অবরোধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

ফিলিস্তিনি ও জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৭৫ হাজার। এসব পরিসংখ্যানে আরও বলা হয়েছে, উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা এখনো ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। পাশাপাশি, গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধবিরতির কাঠামো ও আঞ্চলিক শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও তা কার্যকর অগ্রগতিতে পৌঁছায়নি। নিরস্ত্রীকরণ এবং ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে মতবিরোধের কারণে আলোচনা কার্যত অচল হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জেরুজালেম : ইতিহাসের এক মহাকাব্য

জেরুজালেম : ইতিহাসের এক মহাকাব্য

হামাসের হামলার তিন বছর যেভাবে স্মরণ করছে ইসরাইল

হামাসের হামলার তিন বছর যেভাবে স্মরণ করছে ইসরাইল

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় বড় মূল্য চোকাতে হলো ব্রিটিশ রাজনীতিবিদকে

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় বড় মূল্য চোকাতে হলো ব্রিটিশ রাজনীতিবিদকে

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম