রিয়াদ বিমানবন্দরে হামলায় ৩ সৌদি নাগরিক নিহত
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন সৌদি নাগরিক নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দর লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়। প্রথম হামলাটি বিমানবন্দর চত্বরে এবং দ্বিতীয়টি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা সাউদিয়ার একটি বিমানকে আঘাত করে।
বিমান সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে তাদের একজন পাইলটও ছিলেন। তবে বর্তমানে বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
হুথি গোষ্ঠী দাবি করেছে যে তারা দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে এই বিমানবন্দরে হামলা চালিয়েছে। এছাড়া তারা ইয়েমেন সীমান্তের কাছে নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতেও হামলা চালায়, যদিও সৌদি আরব তা নিশ্চিত করেনি। এর আগে গত ৬ ও ৭ অক্টোবর অন্য দুটি বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছিল।
ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরুর পর এই হামলার ঘটনা ঘটে। লোহিত সাগরের কৌশলগত এলাকাগুলো হুথিরা দখল করার পর সম্প্রতি সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।
এর আগে গত ২০২২ সালে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলেও গত জুলাই মাস থেকে তা ভেঙে পড়ে এবং হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ও বিমানবন্দরগুলোতে হামলা শুরু করে।
সূত্র: আল-জাজিরা।

