ট্রাম্পের ‘বলির পাঁঠা’ হওয়ার প্রশ্নে মুচকি হাসলেন জেলেনস্কি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের রাজনৈতিক সমস্যার দায় ইউক্রেনের ওপর চাপাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে তাকে ট্রাম্পের ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে কি না, এমন প্রশ্নের মুখে মুচকি হাসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর কোনো ব্যাখ্যা না দিয়ে সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জেলেনস্কির সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। ইউক্রেনভিত্তিক সংবাদমাধ্যম আরবিসি-ইউক্রেনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এক সাংবাদিক জেলেনস্কিকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার জন্য তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে বলে মনে করেন কি না।
প্রশ্নটি শোনার পর কিছুক্ষণ থামেন জেলেনস্কি। এরপর মুচকি হেসে বলেন, ‘এটাই আমার উত্তর।’ এ কথা বলেই তিনি সংবাদ সম্মেলন ত্যাগ করেন।
এর আগে ট্রাম্প জেলেনস্কিকে নিয়ে মন্তব্য করে তাকে ‘লেনদেনের জন্য ভালো ব্যক্তি নন’ বলে উল্লেখ করেন। রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধের বিষয়ে আলোচনার ক্ষেত্রেও জেলেনস্কিকে কঠিন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করা তুলনামূলক সহজ বলেও দাবি করেন তিনি।
ট্রাম্পের এসব মন্তব্যের পর জেলেনস্কির এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসি ও সংক্ষিপ্ত মন্তব্যের বাইরে নিজের অবস্থান বিস্তারিত ব্যাখ্যা করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট।

