সিজেপির দুই শীর্ষ নেতাকে দিল্লি হাইকোর্টের ভর্ৎসনা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
সৌরভ দাস ও আশুতোষ রানকাকে ভর্ৎসনা করেছেন দিল্লি হাইকোর্ট। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের দিল্লিতে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি বাতিলের পর সেখানে প্রবেশের চেষ্টা করায় ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে ভর্ৎসনা করেছেন দিল্লি হাইকোর্ট।
বুধবার (২১ অক্টোবর) শুনানিতে আদালত বলেন, ‘ব্যারিকেডেরও একটা উদ্দেশ্য আছে।’ এদিকে, বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর আদেশ চ্যালেঞ্জ করে করা আবেদন আদালত গ্রহণ করতে অস্বীকৃতি জানালে তা প্রত্যাহার করে নেন দুই নেতা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। অভিযোগ, তারা যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে সেখানে প্রবেশ করেছিলেন। এর আগে জুন-জুলাইয়ে ওই স্থানে তাদের নেতৃত্বে বিক্ষোভ হয়েছিল। এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেও অংশ নেন। ওই বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি মাসের শুরুতে যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে দেওয়া স্বীকৃতি বাতিল করা হয়।
বুধবার শুনানিতে দুই নেতার আইনজীবী অভীক চিমনিকে উদ্দেশ করে আদালত বলেন, ‘ব্যারিকেড একটি উদ্দেশ্যে স্থাপন করা হয়। আপনি যখন ব্যারিকেড ভাঙেন, তখন আরও ১০-২০ জন সেখানে চলে আসার আশঙ্কা থাকে।’
অন্যান্য দেশে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার প্রসঙ্গ টেনে আদালত বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের দাবির পরও পুলিশের অনুমতি নেওয়া প্রয়োজন। কারণ, এতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের বিক্ষোভে ঢুকে পরিস্থিতি নষ্ট করার আশঙ্কা এড়ানো যায়।
ফ্রান্সে চলমান সহিংস বিক্ষোভের প্রসঙ্গও উঠে আসে শুনানিতে। আদালত প্রশ্ন করেন, অনুমতি ছাড়া ব্যারিকেড ভেঙে প্রবেশের পর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ চ্যালেঞ্জ করার আইনি ভিত্তি কী।
এর আগে ১৯ অক্টোবর দিল্লির মন্দির মার্গ থানার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই নেতার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ান। জনশান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বীকৃতি বাতিলের পরও যন্তর মন্তরে বিক্ষোভের আহ্বান জানিয়ে তারা আইনকে অসম্মান করেছেন। তাদের মুক্তি জনশৃঙ্খলার জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করতে পারে বলে দাবি করেছিল দিল্লি পুলিশ।
শুনানিতে হাইকোর্ট জামিনের মুচলেকা ভঙ্গের অভিযোগে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলে। আদালত উল্লেখ করেন, ১১ অক্টোবর দুই নেতা জামিনের মুচলেকা জমা দিয়েছিলেন। ওই দিনই যন্তর মন্তরের বিক্ষোভস্থলের স্বীকৃতি বাতিল করা হয়। পরে তাদের আবার গ্রেফতার করা হয়।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) আওতায় জামিনের মুচলেকা ভঙ্গের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি কেন, তা জানতে চান আদালত।
এর আগে ১০ অক্টোবর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ থেকে সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়। বিএনএসএসের ১২৬ ও ১৭০ ধারায় তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরে তারা প্রত্যেকে ৫০ হাজার রুপির মুচলেকা জমা দেন।
এদিকে, বুধবারের শুনানিতে দুই নেতার আইনজীবী দাবি করেন, তাদের হেফাজতের মেয়াদ বাড়ানোর পক্ষে ভবিষ্যতে ‘তাৎক্ষণিক হুমকি’র যে আশঙ্কা দেখানো হয়েছে, সে বিষয়ে দিল্লি পুলিশ কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করেনি।
যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে দেওয়া স্বীকৃতি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে পৃথকভাবে ভারতের সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

-6ad36008693aa.jpg)