Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

Advertisement

যুক্তরাষ্ট্রে ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ধর্মবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রায়ান হিগিনস। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী ও সমকামিতাবিরোধী বক্তব্য প্রচার, ইসলাম ও অভিবাসীদের অবমাননা এবং বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত এক দশকে হিগিনসের সামাজিক যোগাযোগমাধ্যমের শত শত পোস্ট, ভিডিও এবং পুরোনো ব্লগ পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনে যোগ দেওয়ার পর হিগিনস প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছেন। হেগসেথের বক্তব্য ও জনসমক্ষে উপস্থাপনায় খ্রিষ্টীয় জাতীয়তাবাদী চিন্তাধারার প্রভাব বিস্তারেও তার ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তবে অন্য কয়েকটি সূত্র বলেছে, প্রতিরক্ষা দপ্তরে তিনি অনেক উপদেষ্টার একজন মাত্র।

সিএনএনের পর্যালোচনায় দেখা গেছে, হিগিনস একাধিকবার ইসলাম ও মুসলিম দেশগুলোকে অবমাননা করে মন্তব্য করেছেন। ইউরোপে অভিবাসীদের বিরুদ্ধে অপরাধের অভিযোগসংক্রান্ত একটি সংবাদ শেয়ার করে তিনি লিখেছিলেন, সহিংস অবৈধ অভিবাসী ও আশ্রয়প্রার্থীরা বিশ্বকে ধ্বংস করছে এবং তারা ‘বর্বরের মতো আচরণ করে’।


২০২৫ সালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের মুসলিমদের অবদানের স্বীকৃতি দেওয়ার বিষয়েও বিদ্রূপ করেন হিগিনস। পরে তিনি দাবি করেন, ইসলাম ভিন্নমতাবলম্বীদের মৃত্যুর শিক্ষা দেয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে খ্রিষ্টান রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণের ধারণা প্রত্যাখ্যান করেন। চলতি বছরের জুনে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিকের একটি বক্তব্য শেয়ার করে হিগিনস লেখেন, ‘ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ বলে কিছু নেই।’

নারীর সামাজিক ভূমিকা, গর্ভপাত এবং সমকামীদের অধিকার নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন হিগিনস। তার এক পোস্টে বলা হয়, মা হওয়ার মধ্যেই নারীর জীবনের প্রকৃত পরিপূর্ণতা রয়েছে; পেশাগত জীবন সেই পূর্ণতা দিতে পারে না।

গর্ভপাতকে ‘মানব বলি’র সঙ্গে তুলনা করে এর সমর্থকদেরও আক্রমণ করেছেন তিনি। একইভাবে সমলিঙ্গের বিয়েকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন এবং সমকামী দম্পতির সন্তান দত্তক নেওয়ার বিরোধিতা করেছেন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনে যোগ দেওয়ার পরও এসব বিষয়ে তার বক্তব্য অব্যাহত রয়েছে। গত জুনে সমলিঙ্গের এক দম্পতির সন্তান দত্তক নেওয়ার ঘটনাকে ‘শিশু কেনা’ বলে মন্তব্য করেন তিনি।

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং মিশেল ওবামাকে নিয়েও অবমাননাকর মন্তব্য করেছেন হিগিনস। বারাক ও মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি ভিডিওর পক্ষেও অবস্থান নিয়েছিলেন তিনি।

করোনাভাইরাস মহামারির সময় স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধের সঙ্গে নাৎসি জার্মানির কর্মকাণ্ডের তুলনা করেছিলেন হিগিনস। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও কারচুপির অভিযোগ সমর্থন করেন তিনি।

নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চুরির অভিযোগ তুলে বক্তব্য দেন হিগিনস। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার সময়ও তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ করেন এবং সহিংসতার জন্য বামপন্থী গোষ্ঠী অ্যান্টিফাকে দায়ী করেন।

হিগিনসের বিতর্কিত পোস্ট সম্পর্কে মন্তব্য জানতে চেয়ে সিএনএন যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল তাকে প্রতিরক্ষামন্ত্রীর দলের একজন ‘মূল্যবান সদস্য’ হিসেবে উল্লেখ করেছেন।

পারনেল বলেন, সেনাসদস্যদের আধ্যাত্মিক সুস্থতা নিশ্চিত করা এবং পেন্টাগনে ধর্মবিষয়ক কার্যালয় প্রতিষ্ঠার কাজে হিগিনস মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করছেন। তবে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে সিএনএনের বিস্তারিত প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি।

প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনে ধর্মবিষয়ক নতুন কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগেও হিগিনস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গত সেপ্টেম্বরে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এ কার্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

ট্রাম্পের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার মামলা

ট্রাম্পের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার মামলা

আমি যখন চাইব, তখন ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আমি যখন চাইব, তখন ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

আরও পড়ুন

অন্ধ্র প্রদেশে তাণ্ডব চালিয়ে যে দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

অন্ধ্র প্রদেশে তাণ্ডব চালিয়ে যে দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম