‘ছোট ভাই মনে করে মাফ করে দিন’, দিলজিৎকে দীপকে
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে কটাক্ষ করার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে। দিল্লিতে এক কনসার্টে দিলজিৎ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্টে পারফর্ম করার সময় বিতর্কটি নিয়ে কথা বলেন দিলজিৎ। যদিও তিনি সরাসরি অভিজিৎ দীপকে বা তার দল সিজেপির নাম উল্লেখ করেননি।
এ সময় দিলজিৎ বলেন, ‘আমি একজন শিল্পী। আমি চুপ আছি, তাই আমাকে চুপ থাকতে দিন। আমি আপনাদের সবাইকে সমর্থন করি। তবে পাঞ্জাবিরা কীভাবে লড়াই করে, তা শেখাতে আসবেন না।’
এ সময় নিজের অভিনীত ‘সতলুজ’ সিনেমা নিয়ে মঞ্চে উপহাস করার বিষয়েও কথা বলেন তিনি। মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরার জীবনভিত্তিক সিনেমাটি নির্মাণের জন্য দীর্ঘদিন লড়াই করতে হয়েছে বলে জানান এই শিল্পী।
দিলজিতের বক্তব্যের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্ষমা চান অভিজিৎ দীপকে। তিনি দিলজিৎকে ‘পাজি’ সম্বোধন করে বলেন, গত জুনে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দিলজিতের একটি মন্তব্যে তিনি কষ্ট পেয়েছিলেন। তবে ব্যক্তিগতভাবে তার প্রতি কোনো বিরূপ মনোভাব ছিল না।
অভিজিৎ আরও বলেন, তিনি সব সময় দিলজিৎকে এমন একজন মানুষ হিসেবে দেখেছেন, যিনি বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তার গান এখনো শোনেন এবং শিল্পী হিসেবে তার প্রতি শ্রদ্ধা রয়েছে।
দিলজিতের সাহস, নিজস্বতা এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করার প্রশংসাও করেন অভিজিৎ। পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘ছোট ভাই মনে করে বিষয়টি মাফ করে দিন।’
চলতি বছরের জুনে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (নিট)–এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ ঘিরে বিতর্কের সূত্রপাত। এক ইনস্টাগ্রাম লাইভে দিলজিতের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেবেন কি না।
জবাবে তিনি বলেছিলেন, ‘এসবের মধ্যে আমাকে জড়াবেন না। ভাই, আমি একজন শিল্পী, রাজনীতিবিদ নই।’ এ সময় গুরু গ্রন্থ সাহিবের একটি বাণীও উদ্ধৃত করেন তিনি। তার মন্তব্যের পর সমালোচনা শুরু হয়।
বিশেষ করে ২০২০ সালের কৃষক আন্দোলনে দিলজিতের প্রকাশ্য সমর্থনের বিষয়টি সামনে এনে অনেকে তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। অভিজিৎ দীপকেও তার সমালোচকদের একজন ছিলেন। মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরাকে নিয়ে নির্মিত ‘সতলুজ’ সিনেমায় অভিনয় করেও শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি যুক্ত না হওয়ার বিষয়টি তুলে ধরে দিলজিতের সমালোচনা করেছিলেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন বছর অপেক্ষার পর মুক্তি পাওয়া সিনেমাটি জি-ফাইভে প্রকাশের দুই দিনের মধ্যেই সরিয়ে নেওয়া হয়। দেশটির নিরাপত্তা ও বৈরী শক্তির অপব্যবহারের আশঙ্কার কথা উল্লেখ করে সরকার সিনেমাটি সরানোর সিদ্ধান্ত নেয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
