Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম

বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

ছবি: সংগৃহীত

Advertisement

ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ বেলজিয়াম ও সুইডেনের বেশ কয়েকটি সুপারমার্কেট এবং বেলজিয়ামের একটি আইকিয়া বিপণিবিতানে এ ধরনের হামলার খবর পাওয়া গেছে। এতে ফ্রিজ ও ডিপ ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ খাবার নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলজিয়ামের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বেলজিয়ামে ক্যারেফোরের প্রায় ৭০০ দোকানের মধ্যে ১৫টিতে এ হামলার প্রভাব পড়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র মিশ ভারগাউয়েন বলেন, এটি সাইবার হামলা, অন্য কোনো কারণে এমনটি ঘটেনি।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মন্স শহরে আইকিয়ার একটি বিপণিবিতানেও হামলা হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, সোমবার ভোরে সেখানকার ফ্রিজ ও ডিপ ফ্রিজের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। বেলজিয়ামে আইকিয়ার অন্য দোকানগুলোতে ভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবহার করায় সেগুলো এ হামলার শিকার হয়নি।


এ ছাড়া ডেলহেইজ সুপারমার্কেট চেইনের কয়েক ডজন দোকানে তথ্যপ্রযুক্তিগত সমস্যার কারণে শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানটি সরাসরি সাইবার হামলার কথা নিশ্চিত করেনি। ব্রাসেলসের উত্তর-পূর্বাঞ্চলের বোর্টমেরবেক এলাকার একটি দোকানে এএফপির প্রতিনিধি গিয়ে দেখেন, ফ্রিজ ও ডিপ ফ্রিজ খালি। সেখানে টাঙানো বিজ্ঞপ্তিতে হ্যাকারদের হামলার কারণে এসব তাক খালি রাখার কথা জানানো হয়।

কলরুইট ও ইন্টারমারশে সুপারমার্কেট চেইনও তাদের কয়েকটি দোকানে ফ্রিজসংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছে। কলরুইটের পাঁচটি এবং ইন্টারমারশের প্রায় ১৫টি দোকানে এ সমস্যা দেখা দেয়। তবে এগুলো সাইবার হামলার কারণে হয়েছে কি না, তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠান দুটি।

ইন্টারমারশের এক মুখপাত্র জানান, কিছু ক্ষেত্রে মাত্র একটি ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সামগ্রিকভাবে প্রভাব তুলনামূলক সীমিত ছিল। রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে।

এইদিকে বেলজিয়ামের পাশাপাশি সুইডেনের আইসিএ ও কোপ সুপারমার্কেট চেইনের কয়েকটি দোকানেও সোমবার সকালে ফ্রিজ ও ডিপ ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কী কারণে এমনটি হয়েছে, তা খতিয়ে দেখছে প্রতিষ্ঠান দুটি।

দক্ষিণ সুইডেনের শোবো শহরের আইসিএর একটি দোকান ফেসবুকে জানিয়েছে, তাদের ফ্রিজ ও ডিপ ফ্রিজ হ্যাক করে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এতে সংরক্ষিত খাবার নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এর আগে গত ১২ অক্টোবর ফ্রান্সের ৫০০টির বেশি সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটে। এতে খাবার নষ্ট হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণ পণ্য ফেলে দিতে হয়। পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুইডেন দূতাবাস

বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুইডেন দূতাবাস

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’

ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

বড় সাইবার হামলার আশঙ্কায় বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট

বড় সাইবার হামলার আশঙ্কায় বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট

আরও পড়ুন

‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত

‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

গাধা-হাতিই কেন যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের প্রতীক?

গাধা-হাতিই কেন যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের প্রতীক?

স্বর্ণের দামে উত্থান-পতন, এবার কমল যতটা

স্বর্ণের দামে উত্থান-পতন, এবার কমল যতটা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম