Logo
Logo
×

Advertisement

ইউরোপ

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ এএম

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

নেদারল্যান্ডসের একটি সুপারশপ। ছবি: রয়টার্স

Advertisement

ইউরোপের অন্তত ৯টি দেশের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। সোমবারের (২ নভেম্বর) এ ঘটনায় ফ্রিজের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেক দোকানে খাদ্যপণ্য নষ্ট হয়েছে। বাধ্য হয়ে এসব পণ্য ফেলে দিতে হয়েছে কয়েকটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানকে।

বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইডেনের সুপারমার্কেটগুলোতে এ সমস্যা দেখা দিয়েছে।

এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সতর্ক করে বলেছে, জোটটির খাদ্য সরবরাহব্যবস্থা বিঘ্নিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

ইইউর খাদ্য ও কৃষিবিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন বলেছেন, ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে জোটটি। তিনি বলেন, ‘এগুলো আমাদের খাদ্য সরবরাহব্যবস্থা বিঘ্নিত করা এবং ভোক্তাদের আস্থা নষ্ট করার পরিকল্পিত প্রচেষ্টা। এটি এমন একটি সতর্কবার্তা, যা আমাদের গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।’

এর তিন সপ্তাহ আগে ফ্রান্সের বিভিন্ন মুদি দোকানে একই ধরনের সাইবার হামলা হয়েছিল। ওই ঘটনায় দেশটির কয়েকশ দোকান থেকে নষ্ট হয়ে যাওয়া খাদ্যপণ্য ফেলে দিতে হয়। তবে কোনো হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।


বেলজিয়ামে সবচেয়ে বেশি ক্ষতি

সাইবার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বেলজিয়াম। দেশটির বিভিন্ন সুপারমার্কেট চেইনের কয়েক ডজন দোকানে শীতাতপ নিয়ন্ত্রণ ও হিমায়ন ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।

ক্যারিফোর বেলজিয়ামের মুখপাত্র মিশ ভার্গাউয়েন বলেন, ‘এটি সাইবার হামলা। এর অন্য কোনো কারণ নেই।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ৭০০টি দোকানের মধ্যে প্রায় ১৫টিতে এ সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া আইকিয়ার মন্স শাখাতেও সাইবার হামলার কারণে ফ্রিজারের তাপমাত্রা বেড়ে যায়।

বেলজিয়ামের হিমায়ন প্রযুক্তি প্রতিষ্ঠান সাবকোবেল জানিয়েছে, অক্টোবরে ফ্রান্সে হামলার পর তারা নিজেদের স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে শুরু করেছিল। তবে কিছু ব্যবস্থার আধুনিকায়ন তখনো সম্পন্ন হয়নি। সোমবারের হামলায় সেসব ব্যবস্থার কয়েকটি আক্রান্ত হয়েছে।

এ ছাড়া বেলজিয়ামে ডেলহেইজ, কোলরুইট ও ইন্টারমার্শের বিভিন্ন দোকানেও ফ্রিজিং ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। প্রতিবেশী লুক্সেমবার্গে ডেলহেইজের চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।


অন্যান্য দেশেও বিপর্যয়

আয়ারল্যান্ডের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মাসগ্রেভ জানিয়েছে, সাইবার ঘটনার কারণে তাদের সুপারভ্যালু চেইনের ১৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেদারল্যান্ডসের কয়েকটি ছোট দোকানেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।

পর্তুগালে মসকেতেইরোস গ্রুপ জানিয়েছে, সাইবার হামলার কারণে তাদের ইন্টারমার্শে চেইনের সাতটি দোকানে সমস্যা হয়েছে। প্রতিষ্ঠানটির ধারণা, হিমায়ন ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকা একটি বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।

সুইডেনের সুপারমার্কেট চেইন কোপ জানিয়েছে, তাদের প্রায় ৮০০ দোকানের মধ্যে ছয়টি হামলার শিকার হয়েছে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র কার্লোস কানসিনো বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি, এটি একটি সাইবার হামলা। সমস্যার সমাধান হয়েছে।’

তিনি বলেন, হামলার পেছনে কারা রয়েছে, তা তারা জানেন না। তবে আক্রান্ত দোকানগুলো হালনাগাদ ৫জি নেটওয়ার্কের পরিবর্তে ৪জি মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। ফলে সেগুলো তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ ছিল।


নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ

সুইডেনের আরেকটি সুপারমার্কেট চেইন আইসিএ জানিয়েছে, তাদের সীমিতসংখ্যক দোকানে হিমায়ন ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

আইসিএর মুখপাত্র হেলেনা ইয়োহানসন জানান, আক্রান্ত দোকানগুলো ডেনমার্কের নির্মাতা প্রতিষ্ঠান ড্যানফসের সরবরাহ করা একটি বহিরাগত হিমায়ন নিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। গত ১২ অক্টোবর ফ্রান্সের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর ওপর চালানো সাইবার হামলায়ও একই প্রতিষ্ঠানের সরবরাহ করা প্রযুক্তি আক্রান্ত হয়েছিল।

এ বিষয়ে মন্তব্য জানতে ড্যানফসের সঙ্গে যোগাযোগ করা হলেও বার্তা সংস্থা এএফপিকে কোনো জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

ফিনল্যান্ডে কেস্কো গ্রুপের কয়েকটি ছোট মুদি দোকানেও অস্বাভাবিক তাপমাত্রা শনাক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির করপোরেট নিরাপত্তাপ্রধান পেত্রি কাইহকো বলেন, ‘আমরা বর্তমানে সমস্যার কারণ অনুসন্ধান করছি। নেটওয়ার্কের মাধ্যমে হস্তক্ষেপের বিষয়টি এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের তথ্যনিরাপত্তা বিশেষজ্ঞ রনি কোক্কোলা বলেন, ইউরোপের অন্যান্য দেশেও সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের ঘটনা ঘটেছে। ফলে ফ্রান্সের বাইরে অন্য দেশেও এর বিস্তার ঘটবে, তা প্রত্যাশিত ছিল।

তিনি বলেন, ‘বর্তমানে বিভিন্ন ধরনের নিরাপত্তাগত দুর্বলতা আগের চেয়ে অনেক বেশি সক্রিয়ভাবে এবং দ্রুত কাজে লাগানো হচ্ছে।’

এস্তোনিয়ায় অন্তত একটি সুপারমার্কেট হ্যাকারদের হামলার শিকার হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআরের প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা দোকানটির হিমায়ন ইউনিটের তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যায়।

উন্নত হিমায়নব্যবস্থা নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান কিটম্যান কোল্ডটেকের পরিচালক জান মুতসো জানান, আক্রান্ত ইউনিটগুলো ছিল ড্যানফসের সরবরাহ করা পুরোনো মডেলের। ফ্রান্সে ১২ অক্টোবরের হামলায়ও একই ধরনের ইউনিট লক্ষ্যবস্তু করা হয়েছিল। সূত্র: এএফপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুইডেন দূতাবাস

বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুইডেন দূতাবাস

ট্রাম্পের চাপ উপেক্ষা করে রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

ট্রাম্পের চাপ উপেক্ষা করে রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

ফর্মুলা ওয়ান ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কিমি আন্তোনেল্লি

ফর্মুলা ওয়ান ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কিমি আন্তোনেল্লি

জেন-জি বিক্ষোভে উত্তাল আরেক দেশ

জেন-জি বিক্ষোভে উত্তাল আরেক দেশ

পোল্যান্ডে আদালত নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

পোল্যান্ডে আদালত নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

আরও পড়ুন

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম