Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পোল্যান্ডে আদালত নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

পোল্যান্ডে আদালত নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

Advertisement

পোল্যান্ডের সাংবিধানিক আদালতের প্রধানকে সাময়িক বরখাস্ত করাকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও প্রেসিডেন্ট কারোল নাওরোকি। আদালতের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করে সরকার সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে বিরোধীরা সরকারের পদক্ষেপকে ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) টানা দ্বিতীয় রাতের মতো রাজধানী ওয়ারশতে সাংবিধানিক আদালতের বাইরে বিক্ষোভ করেন শত শত মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

ইউরোপপন্থি প্রধানমন্ত্রী টাস্কের সরকার বলছে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে আদালতের প্রধান বগদান শভিয়েনতকোভস্কিকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ছিল। তবে সরকারের বিরোধীরা অভিযোগ করছে, গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের চেষ্টা চলছে।

এদিকে প্রেসিডেন্ট কারোল নাওরোকি সরকারের বিরোধিতায় অবস্থান নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সেনেগাল সফরের উদ্দেশে যাত্রা করা তার বিমান মাঝপথ থেকে ঘুরিয়ে দেশে ফেরানো হয়। পরে তিনি সাংবিধানিক আদালতে যান। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও আদালতের বরখাস্ত হওয়া প্রধানকে ভবনে প্রবেশে সহায়তা করেছেন বলে জানান তিনি।


শুক্রবার রাতে আদালতের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা এবং পুলিশকে লক্ষ্য করে বস্তু নিক্ষেপের অভিযোগে তিন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংবিধানিক আদালতকে ঘিরে চলমান বিরোধ আগামী বছরের সংসদীয় নির্বাচনের আগে পোল্যান্ডের রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে দিতে পারে। এতে ইউরোপপন্থি ক্ষমতাসীন সরকার এবং জাতীয়তাবাদী বিরোধী দল আইন ও বিচার পার্টির (পিআইএস) মধ্যকার সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত পোল্যান্ডের ক্ষমতায় ছিল পিআইএস। দলটির বিরুদ্ধে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ রয়েছে। দেশটির বিচারব্যবস্থায় দলটির আমলে আনা সংস্কার নিয়ে ইউরোপীয় ইউনিয়নও আপত্তি জানায়। এ কারণে পোল্যান্ডের বিরুদ্ধে জরিমানা আরোপ করেছিল জোটটি।

২০২৩ সালে ক্ষমতায় এসে ডোনাল্ড টাস্কের ইউরোপপন্থি সরকার বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তবে এরপর থেকে দুই দফায় দায়িত্ব পালন করা পিআইএস-ঘনিষ্ঠ প্রেসিডেন্টদের ভেটোর কারণে সরকারের সংস্কার উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট নাওরোকিও এসব উদ্যোগের বিরোধিতা করছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী টাস্ক বলেন, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা তাদের দায়িত্ব। পিআইএসের শাসনামলে বছরের পর বছর আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কঠিন ও কখনো কখনো বেদনাদায়ক প্রক্রিয়া হলেও দৃঢ় পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।

এর আগে টাস্ক জানিয়েছিলেন, সাংবিধানিক আদালতে আইনসম্মতভাবে নিয়োগ পাওয়া বিচারকদের দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করবে তার সরকার। তবে এ ক্ষেত্রে সরকারের নেওয়া সব পদক্ষেপ সবার পছন্দ নাও হতে পারে বলেও স্বীকার করেন তিনি।

দীর্ঘদিন ধরেই পোল্যান্ডের সাংবিধানিক আদালতের কার্যক্রম নিয়ে বিতর্ক চলছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত ইউরোপীয় কোর্ট অব জাস্টিসও বলেছিল, পিআইএস সরকারের নিয়োগ দেওয়া বিচারকদের কারণে পোল্যান্ডের সাংবিধানিক আদালত আর নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

রাশিয়াকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সংযত থাকতে বলল যুক্তরাষ্ট্র

রাশিয়াকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সংযত থাকতে বলল যুক্তরাষ্ট্র

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি বিক্ষোভ, কারণ কী?

রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি বিক্ষোভ, কারণ কী?

ইউরোপে গ্যাসের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

ইউরোপে গ্যাসের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

আরও পড়ুন

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

হঠাৎ দিল্লিতে মমতা-অভিজিৎ দীপকের বৈঠক, কী আলোচনা হলো

হঠাৎ দিল্লিতে মমতা-অভিজিৎ দীপকের বৈঠক, কী আলোচনা হলো

নতুন ফ্রন্ট খুলতে পারে ইরান, তিন মাস ধরে চলছে প্রস্তুতি

নতুন ফ্রন্ট খুলতে পারে ইরান, তিন মাস ধরে চলছে প্রস্তুতি

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম