নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী আবের কাওয়াস
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবের কাওয়াস। তিনি অঙ্গরাজ্যটির আইনসভার প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে হিজাব পরিহিত প্রথম নারী হিসেবেও আইনসভায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২ নম্বর নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন কাওয়াস। নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা শেষে তিনি মোট ভোটের ৭৫ শতাংশ পেয়েছেন বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।
বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কাওয়াস লেখেন, ‘আমরা ইতিহাস গড়েছি।’
নির্বাচনী প্রচারে ‘মর্যাদায় বিনিয়োগ, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’ স্লোগান ব্যবহার করেন তিনি। স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করা, দ্রুত ও নির্ভরযোগ্য গণপরিবহন এবং সাশ্রয়ী আবাসনব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল তার প্রচারের অন্যতম বিষয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং যুদ্ধে অর্থায়ন বন্ধের পক্ষে অবস্থান নেন তিনি।
কাওয়াস ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) সদস্য। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেসওম্যান রাশিদা তালিবসহ প্রগতিশীল রাজনীতিকেরা তাঁকে সমর্থন দিয়েছিলেন।
রাজনীতিতে আসার আগে ১৫ বছরের বেশি সময় ধরে শ্রমিকদের অধিকার, অভিবাসী সম্প্রদায় এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সংগঠক হিসেবে কাজ করেছেন কাওয়াস।
