রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায়ের ঘোষণা আন্তর্জাতিক আদালতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে আদালত এ ঘোষণা দিয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসের দ্য হেগে স্থানীয় সময় সকাল ১০টায় এ রায় ঘোষণা করা হবে। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলার কার্যক্রমে ১১টি দেশও অংশ নিয়েছে।
১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ অনুযায়ী, রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার মাধ্যমে মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে গাম্বিয়া। জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলাটি দায়েরের সিদ্ধান্তকে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করেছিলেন।
রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রহীন মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী। কয়েক দশক ধরে তারা বৈষম্য, নিপীড়ন ও বাস্তুচ্যুতির শিকার হয়ে আসছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়ন শুরুর পর রাখাইন রাজ্য থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।
জাতিসংঘ রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে বর্ণনা করেছে। কানাডাভিত্তিক অন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির এক প্রতিবেদনেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষের প্রাণহানির তথ্য উঠে এসেছে।
দীর্ঘদিন ধরে চলা এই সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রায়ে গণহত্যা সনদের অধীনে মিয়ানমারের দায় ও আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা নিয়ে সিদ্ধান্ত আসবে। তবে মামলার চূড়ান্ত রায় কী হবে, তা এখনো জানা যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি

