মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পকে ঘিরে নেটদুনিয়ায় বিদ্রূপের ঝড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় নিয়ে অনলাইনে শুরু হয়েছে ট্রলের ঝড়।
|
ফলো করুন |
|
|---|---|
রাজনীতিতে পরাজয় সবসময়ই কঠিন, আর সামাজিক মাধ্যমে তা আরও বেশি নিষ্ঠুর রূপ নেয়। ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রকাশ পাওয়ার পর থেকেই রিপাবলিকান পার্টির এই পরাজয় নিয়ে অনলাইনে শুরু হয়েছে ট্রলের ঝড়। মিম, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ভিডিও এবং পুরোনো ছবি শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের উপহাস করছেন নেটিজেনরা।
ডেমোক্র্যাট পার্টি গুরুত্বপূর্ণ আসনগুলোতে জয় পেয়ে সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি প্রতিনিধি পরিষদেও জয়ের পথে রয়েছে—যাকে অনেকেই একটি বড় ‘ব্লু ওয়েভ’ বা নীল ঝড় বলে অভিহিত করছেন।
এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ তুলে দিয়েছেন। ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি উভয় কক্ষই নিজেদের দখলে নেওয়ায় ক্যাপিটল হিলে তাদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় ধাক্কা এবং ওয়াশিংটনে এতদিন ক্ষমতায় থাকা রিপাবলিকানদের জন্যও বড় পরাজয়। তবে নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।
ফলাফল প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় মিমের উৎসব। এক্স, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে #BlueTsunami হ্যাশট্যাগটি ট্রেন্ড করতে শুরু করে।
ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রতি কটাক্ষ করে এক ভাইরাল পোস্টে লেখা হয়, ‘মনে হচ্ছে আমেরিকা এবার ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতাকেই দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে!’
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটা কোনো নীল ঢেউ ছিল না, এটা ছিল একটা নীল সুনামি।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ফলাফল নিয়ে এমন নানা রসাত্মক ও মজার মিম এখন ঘুরছে নেটদুনিয়ায়।
এআই-জেনারেটেড ক্লিপ থেকে শুরু করে নানা ছবিতে রিপাবলিকানদের এই পরাজয়কে একটি পূর্ণাঙ্গ ট্রলের বন্যায় পরিণত করেছে ইন্টারনেট। ফলে এটি আবারও প্রমাণ করল যে, বর্তমান সামাজিক মাধ্যমের যুগে কোনো রাজনৈতিক পরাজয়ই ট্রলের হাত থেকে রেহাই পায় না।

-6aeafdc92e9f7.jpg)